চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ইজারা না দেওয়ার দাবি
- আপডেট সময় : ০৪:১৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) দেশি-বিদেশি কোনো প্রতিষ্ঠানের কাছে দীর্ঘমেয়াদি ইজারা না দেওয়ার দাবি জানিয়েছে বন্দর রক্ষা কমিটি।
আজ সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই হলে আয়োজিত নাগরিক কনভেনশনে বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতি ও জাতীয় স্বার্থের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। বন্দরের গুরুত্বপূর্ণ অবকাঠামো ইজারার আগে জাতীয় স্বার্থ, সক্ষমতা বৃদ্ধি, রাজস্ব আয়, শ্রমিকদের অধিকার ও কর্মসংস্থানের বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
বক্তারা আরও বলেন, গোপনীয় বা অস্বচ্ছ প্রক্রিয়ায় বন্দর ইজারার উদ্যোগ নেওয়া হলে রাজনৈতিক দল, শ্রমিক সংগঠন, পেশাজীবী, শিক্ষার্থীসহ সর্বস্তরের নাগরিকদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
কনভেনশনে বক্তব্য দেন বন্দর ও জাতীয় সম্পদ রক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক এম আবু সাঈদ, কবি ও সাংবাদিক আবুল মোমেন এবং বন্দর রক্ষা কমিটির আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদার।




















