গুণী শিক্ষক সম্মাননা ১২ থেকে বাড়িয়ে ১০০ জন
- আপডেট সময় : ১২:৩০:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননার সংখ্যা ১২ থেকে বাড়িয়ে ১০০ জন করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত বিভিন্ন স্তরের শিক্ষকদের এ সম্মাননার আওতায় আনা হবে। আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত শিক্ষকদের সম্মাননা দেওয়া হবে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এ তথ্য জানান প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদি আমিন।
সম্মাননার পরিধি বাড়ছে
ড. মাহদি আমিন বলেন, দীর্ঘদিন ধরে জাতীয় পর্যায়ে ১২ জন শিক্ষককে গুণী শিক্ষক হিসেবে সম্মাননা দেওয়া হতো। এবার প্রথমবারের মতো সেই সংখ্যা বাড়িয়ে ১০০ জন করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। প্রাথমিক থেকে তৃতীয় পর্যায় পর্যন্ত বিভিন্ন স্তরের শিক্ষককে এ সম্মাননার আওতায় আনা হবে।
তিনি বলেন, প্রাথমিক শিক্ষকদের পাশাপাশি মাধ্যমিক পর্যায়ের সাধারণ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষকদেরও বিবেচনায় নেওয়া হবে। এ ছাড়া কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও সম্মাননার জন্য নির্বাচিত হবেন।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে চিকিৎসা, কৃষি, প্রকৌশল ও বিজ্ঞানসহ বিভিন্ন বিশেষায়িত শাখার শিক্ষকদেরও এ তালিকায় রাখা হবে বলে জানান শিক্ষা উপদেষ্টা।
তালিকা নিয়ে চলছে আলোচনা
শিক্ষা উপদেষ্টা জানান, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাওয়া শিক্ষকদের তালিকা নিয়ে জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় আলোচনা চলছে। সেখান থেকে চূড়ান্তভাবে গুণী শিক্ষক নির্বাচন করা হবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের ভবিষ্যৎ প্রজন্ম তৈরিতে যারা কাজ করছেন, তাদের সম্মান ও মর্যাদা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
৫ অক্টোবর বিশেষ অনুষ্ঠান
আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সেখানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দিবসটি উদযাপনের কথা রয়েছে। ওই অনুষ্ঠানে নির্বাচিত গুণী শিক্ষকদের সম্মাননা দেওয়া হবে।
সভায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা উপদেষ্টা ড. মাহদি আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ শিক্ষা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


























