গাজীপুর সিটিতে ম্যানহোলের ঢাকনা না থাকায় ঘটছে দুর্ঘটনা
- আপডেট সময় : ০৮:৩১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় ম্যানহোলের ঢাকনা না থাকায় প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। সামান্য বৃষ্টিতেই সড়ক ও ফুটপাত তলিয়ে যাওয়ায় পানির নিচে। এতে তলিয়ে থাকা খোলা ম্যানহোলগুলো যেনো হয়ে ওঠে মৃত্যুফাঁদ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে গাজীপুরে সমস্যা থাকলেও কার্যকর ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ।
গেলো রোববারের ভারি বৃষ্টিতে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় মহাসড়কের পাশের সড়ক ও ফুটপাত পানিতে তলিয়ে যায়। এ সময় ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় পানির নিচে থাকা ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে নিখোঁজ হন নাজমা খাতুন। খবর পেয়ে ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের কর্মীরা আধা কিলোমিটার দূর থেকে তার মরদেহ উদ্ধার করে।
এ ঘটনার পেই স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে ক্ষোভ। তাদের দাবি, খোলা ম্যানহোল ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে, যাতে আর কোনো প্রাণহানি না ঘটে।
সামান্য বৃষ্টিতেই ভোগড়া বাইপাস এলাকার জলাবদ্ধতা শুধু যান চলাচল ব্যাহত করে না, পথচারীরা পড়ে মারাত্মক ঝুঁকির মধ্যে।
যদিও মহাসড়কের রক্ষণাবেক্ষণের দায়িত্ব সিটি করপোরেশনের নয়, তারপরও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক।
এর আগে ২০২৫ সালের ২৭ জুলাই টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে নিখোঁজ হন ফারিয়া তাছনিম জ্যোতি নামে এক নারী। ৩৬ ঘণ্টা পর ফায়ার সার্ভিস কর্মীরা টঙ্গীর শালিকচূড়া বিল থেকে তার মরদেহ উদ্ধার করে।
সেই ঘটনার পর খোলা ড্রেন ও ম্যানহোলের নিরাপত্তা নিশ্চিত করতে হাইকোর্টে রিট দায়ের হয় এবং তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশও দেয়া হয়েছিল।তবে, এক বছর পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেয়ায় আবারও ঘটেছে প্রাণহানির ঘটনা























