কোরবানির ঈদ ঘিরে কামারশালায় ব্যস্ততা, কয়লা-লোহার দাম বৃদ্ধিতে চিন্তায় কর্মকাররা
- আপডেট সময় : ০১:২৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল আযহার পশু কোরবানীর জন্য এখন দারুণ চাহিদা ধারালো দা-বটি ও ছুরির। তাই, কামারশালায় চলেছে কর্মকারদের ব্যস্ততা। কয়লা ও লোহার মূল্য বৃদ্ধিতে হতাশা তাদের মাঝে। একের পর এক হাতুড়ির আঘাত আর টুংটাং শব্দ আর আগুনের শিখা জানান দিচ্ছে, কোরবানীর ঈদের আগমনি।
পবিত্র কোরবানির ঈদকে সামনে রেখে কুমিল্লায় কামারশালা গুলো এখন কর্মচাঞ্চল্যে মুখর। বছরজুড়ে কাজ কম থাকলেও ঈদুল আজহা এলেই সুযোগ নেই বিশ্রামের। কোরবানির পশু জবাইয়ের জন্য প্রয়োজনীয় ছুরি, দা, চাপাতি, বঁটি ও দামাসহ নানা সরঞ্জাম তৈরিতে এখন দিন-রাত কাজ করছেন কামার শিল্পীরা।
এমনিতেই, আধুনিক যন্ত্রের প্রভাবে কামার শিল্পে দুর্দিন। তার ওপর কয়লা, লোহা ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় অস্তিত্ব সংকটে কামার শিল্প।
এদিকে, জেলার ফেনী শহর, পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া, দাগনভূঞা ও সোনাগাজী উপজেলার সবগুলো হাট-বাজারে কামাররা দিনরাত হাতুড়ি পেটাচ্ছেন। লোহা পোড়ানোর গন্ধ আর হাতুড়ির ঠনঠন শব্দে মুখরিত হয়ে উঠেছে, পরিবেশ।
স্থানীয় কর্মকাররা জানায়, পেশার ঐতিহ্য টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে। তাই, সহজ শর্তে ঋণ ও প্রয়োজনীয় সহায়তা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
টিকে থাকবে কামার শিল্প। আর, এজন্য প্রয়োজনীয় সব উদ্যোগ নেবে সরকার। এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সবারই।

























