কোনো শিল্পীকে এভাবে অপ্রীতিকর অভিজ্ঞতার মুখোমুখি করা উচিত নয়: হাসান
- আপডেট সময় : ০৩:২৪:০৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও ‘৩৬ জুলাই’ উদ্যাপন উপলক্ষে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে মঞ্চে বোতলের আঘাতে আহত হওয়ার ঘটনায় নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন আর্ক ব্যান্ডের জনপ্রিয় শিল্পী হাসান। ঘটনাটিকে অপ্রত্যাশিত উল্লেখ করে তিনি বলেছেন, ভবিষ্যতে যেন দেশের কোনো শিল্পীকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে না হয়।
গত ৫ আগস্ট রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয় ওপেন এয়ার কনসার্টটি। সেখানে গান পরিবেশনের সময় দর্শকসারি থেকে ছোড়া একটি বোতল হাসানের মাথায় আঘাত করে। তবে পরিস্থিতি সামলে নিয়ে দ্রুতই আবার গান পরিবেশন শুরু করেন তিনি।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। একই সঙ্গে কনসার্টের নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে।
পরে নিজের ফেসবুক পেজে ঘটনাটি নিয়ে লিখেছেন হাসান। তিনি বলেন, দীর্ঘ সংগীতজীবনে এমন অভিজ্ঞতার মুখোমুখি তিনি কখনো হননি। তবে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চান তিনি। তার বিশ্বাস, যে ব্যক্তি বোতল ছুড়েছে, হয়তো না বুঝেই এমনটি করেছে।
হাসান বলেন, ভবিষ্যতে দেশের কোনো শিল্পী যেন এমন পরিস্থিতির মুখোমুখি না হন। শিল্পীরা মানুষের জন্য গান করেন এবং বিনিময়ে মানুষের ভালোবাসা চান। তাই কোনো শিল্পীকে অসম্মান করা কিংবা অপ্রীতিকর পরিস্থিতির মুখে ফেলা উচিত নয়।
শিল্পীদের রাজনৈতিক পরিচয়ে বিচার না করার আহ্বানও জানান তিনি। তার ভাষ্য, একজন শিল্পী পাঁচ বা দশ বছরের জন্য শিল্পী নন; তিনি আজীবনের জন্যই শিল্পী। বিভিন্ন সময়ে সরকারি, বেসরকারি ও রাজনৈতিক আয়োজনে শিল্পীদের অংশ নিতে হলেও তাদের কোনো রাজনৈতিক পরিচয়ে বিচার করা ঠিক নয়।
ঘটনার পর হাসানের প্রতি সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ও দুঃখ প্রকাশ করছেন ভক্ত ও সংগীতাঙ্গনের অনেকে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবিও উঠেছে।



























