কুড়িগ্রামে সার লুটের ঘটনায় দুই তদন্ত কমিটি
- আপডেট সময় : ০৫:২৩:০৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিসিআইসি ডিলারের গুদাম থেকে সার লুটের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকালে জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি সরেজমিনে তদন্ত শুরু করেছে। একই ঘটনায় কৃষি অধিদপ্তরও পৃথক বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিভাগীয় তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. সিরাজুল ইসলামকে। সদস্য হিসেবে রয়েছেন উপ-পরিচালক সিফাত জাহান ও লালমনিরহাট কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক ড. শায়খুল আরেফিন।
এর আগে রোববার (২৩ আগস্ট) ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের বিসিআইসি ডিলার তাইফুর রহমান মুকুলের গুদাম ভেঙে ২০২ বস্তা সার নিয়ে যান বিক্ষুব্ধ কৃষকেরা। পরে ১০৭ বস্তা সার উদ্ধার করা হয়েছে।
কৃষকদের অভিযোগ, এক সপ্তাহ ধরে ডিলারের কাছে টাকা দিয়েও তারা সার পাচ্ছিলেন না। গুদামে চার কিস্তিতে ১ হাজার ৩৬০ বস্তা সার থাকার কথা থাকলেও বিতরণের সময় মাত্র ৩৪০ বস্তা সার থাকার কথা জানানো হয়। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে ডিলারের উপস্থিতিতেই কৃষকেরা গুদাম থেকে সার নিয়ে যান।
কৃষকদের আরও অভিযোগ, ডিলার গোপনে ব্যবসায়ীদের কাছে সার বিক্রি করেছেন। তবে অভিযোগের বিষয়ে তদন্তের পর প্রকৃত তথ্য বেরিয়ে আসবে বলে জানিয়েছে প্রশাসন।
জেলা প্রশাসনের তদন্ত কমিটির সভাপতি আমিনুল হক তারেক জানান, সরেজমিনে এসে প্রত্যক্ষদর্শী, ডিলার ও কৃষকদের বক্তব্য নেওয়া হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটন করে প্রতিবেদন দেওয়া হবে।
এ ঘটনায় ভূরুঙ্গামারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ডিলার তাইফুর রহমান মুকুল। পাশাপাশি বাকি সার উদ্ধারের আবেদনও করা হয়েছে।

























