কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৪ সদস্য গ্রেপ্তার
- আপডেট সময় : ০৪:৪৪:০৮ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
- / ১৬০০ বার পড়া হয়েছে
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আলোচিত ‘টিম RAW’ ও ‘Crime Setup’ গ্যাংয়ের নেতৃত্বস্থানীয় চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। পুলিশ বলছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
গত ২৪ ঘণ্টায় কুমিল্লা ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার চারজন
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—‘টিম RAW’-এর ইমরান হোসেন রতন (১৯) ও সাইফুল ইসলাম (২০) এবং ‘Crime Setup’-এর মো. সাব্বির ওরফে ‘পয়েন্ট সাব্বির’ (২৪) ও রবিউল ইসলাম নবী ওরফে ‘কিং মেকার’ (২৪)।
পুলিশের তথ্য অনুযায়ী, ইমরান হোসেন রতনের বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট ৯টি মামলা রয়েছে। এছাড়া সাইফুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ১০টি মামলা চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, সাব্বির ওরফে ‘পয়েন্ট সাব্বির’ এবং রবিউল ইসলাম নবী ওরফে ‘কিং মেকার’-এর বিরুদ্ধে একটি করে মামলা রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
১০ দিনে দুই হাজারের বেশি কিশোর আটক
জেলা পুলিশ জানায়, কুমিল্লায় কিশোর গ্যাংয়ের তৎপরতা বেড়ে যাওয়ায় গত ১০ দিন ধরে জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হচ্ছে। পুলিশ ও ডিবির সমন্বয়ে পরিচালিত এসব অভিযানে সন্দেহজনক দুই হাজারের বেশি কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
পুলিশের ভাষ্য, আটক কিশোরদের যাচাই-বাছাই করা হয়েছে। এর মধ্যে যারা অপরাধের সঙ্গে সম্পৃক্ত বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
অন্যদিকে, যেসব কিশোরের বিরুদ্ধে অপরাধে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি, তাদের অভিভাবকদের ডেকে মুচলেকা নেওয়া হয়েছে। পরে অভিভাবকদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়।
অভিযান অব্যাহত থাকবে
জেলা পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে বিভিন্ন অপরাধে জড়িত গ্যাং সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে অভিভাবকদেরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।
পুলিশের দাবি, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে চলমান অভিযানের মাধ্যমে অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি আরও জোরদার করা হচ্ছে।






















