কিশোরগঞ্জে ২০ হাজার মানুষ ভাঙ্গনের কবলে
- আপডেট সময় : ০২:১১:১৮ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০
- / ১৬৭৮ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে ঘোড়াউত্রা নদীর ভাঙ্গনে বিলীন হয়ে যাচ্ছে হাওর জনপদ ছাতিরচর। এলাকার প্রায় ২০ হাজার মানুষ ভাঙ্গনের কবলে পড়ে ঘরবাড়ি হারিয়ে দিশেহারা। এরই মধ্যে ঘরবাড়ি হারিয়ে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন শহরের বস্তিতে আশ্রয় নিয়েছে হাজার হাজার গরীব মানুষ। ভাঙ্গন থেকে হাওরবাসীকে রক্ষায় সংশ্লিষ্ট দপ্তর কোন প্রকার কার্যকর উদ্যোগ গ্রহন করেনি। ভাঙ্গন রক্ষায় হাওরবাসীর জন্য অচিরেই প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন হাওর উন্নয়ন বোর্ড।
হাওরবাসীর দুর্দশা যেনো কাটছেই না। করোনা মহামারিতে ঘরে খাবার নেই, হাতে নেই কাজ। এমন পরিস্থিতিতে নিকলী উপজেলার প্রাচীন জনপদ ছাতিরচরে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙ্গন। ঘোড়াউত্তা নদীর ভাঙ্গনে ঘরবাড়ি হারাচ্ছে মানুষ।
জমির ফসল আর বসতবাড়ি হারিয়ে বাধ্য হয়ে জীবিকার তাগিতে এলাকা ছাড়ছেন অসহায় মানুষ।
ছাতিরচর গ্রামের তিন ভাগের এক ভাগ এরইমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখন ভাঙ্গন ঠেকানো না গেলে পুরো গ্রামটি বিলীন হয়ে যাবে বলে আশংকা এলাকাবাসীর।
টেকসই বাধ নির্মাণ ও নদী শাসন করে ছাতিরচরের ভাঙ্গন কবলিত হাওরকে রক্ষায় এরই মধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার কথা জানালেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী।
দুই কিলোমিটার আয়তনের ছাতিরচর ইউনিয়নে ২২ হাজার মানুষের বসবাস। ভাঙ্গনের কবল থেকে এলাকাটি রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে-এমটাই প্রত্যাশা এলাকাবাসীর।
























