কিংবদন্তি হলিউড অভিনেতা টিম কারির মৃত্যু
- আপডেট সময় : ০৩:২৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি আর নেই। ৮০ বছর বয়সে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের টলুকা লেকে নিজ বাড়িতে মঙ্গলবার (২৫ আগস্ট) মারা গেছেন তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দীর্ঘদিনের ম্যানেজার ও বন্ধু মার্সিয়া হারউইটজ।
১৯৪৬ সালে ইংল্যান্ডের ওয়ারিংটনে জন্ম নেওয়া টিম কারি পাঁচ দশকেরও বেশি সময় ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন। মঞ্চ, চলচ্চিত্র ও টেলিভিশনে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন তিনি।
তবে দর্শকদের কাছে টিম কারি সবচেয়ে বেশি পরিচিত ১৯৭৫ সালের কালজয়ী মিউজিক্যাল সিনেমা ‘দ্য রকি হরর পিকচার শো’-এর আলোচিত চরিত্র ফ্র্যাঙ্ক-এন-ফার্টার হিসেবে। এর আগে ১৯৭৩ সালে মঞ্চনাটকেও একই চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। চরিত্রটির অভিনব উপস্থাপনা তাকে আন্তর্জাতিক অঙ্গনে আলাদা পরিচিতি এনে দেয়।
টিম কারির ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় চরিত্র ছিল স্টিফেন কিংয়ের উপন্যাস অবলম্বনে নির্মিত ১৯৯০ সালের টিভি মিনিসিরিজ ‘ইট’-এ ভয়ংকর ক্লাউন পেনিওয়াইজ। তার অভিনীত এই চরিত্রটি ভৌতিক সিনেমা ও টেলিভিশনের ইতিহাসে অন্যতম আলোচিত চরিত্র হিসেবে বিবেচিত হয়।
দীর্ঘ অভিনয়জীবনে টিম কারি আরও অভিনয় করেছেন ‘অ্যানি’, ‘ক্লু’, ‘দ্য হান্ট ফর রেড অক্টোবর’, ‘হোম অ্যালোন টু’, ‘কঙ্গো’, ‘স্ক্যারি মুভি টু’ এবং ‘মাপেট ট্রেজার আইল্যান্ড’-এর মতো জনপ্রিয় সিনেমায়।
মঞ্চ ও পর্দায় অসাধারণ অভিনয়ের মাধ্যমে টিম কারি পাঁচ দশকের বেশি সময় ধরে দর্শকদের বিনোদন দিয়েছেন। তার মৃত্যুতে হলিউডে নেমে এসেছে শোকের ছায়া।



























