কাজের খোঁজে ইরান যাত্রা, প্রাণ হারালেন ১৯ আফগান
- আপডেট সময় : ০৫:২৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / ১৫৩০ বার পড়া হয়েছে
অবৈধভাবে ইরানে প্রবেশের চেষ্টাকালে বিশ্বের অন্যতম কঠোর মরু অঞ্চল পাড়ি দিতে গিয়ে পানিশূন্যতা ও প্রচণ্ড গরমে ১৯ আফগান অভিবাসীর মৃত্যু হয়েছে। রোববার (২ আগস্ট) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গলফ নিউজ এ তথ্য জানিয়েছে।
আফগানিস্তানের নিমরোজ প্রদেশের স্থানীয় কর্তৃপক্ষ জানায়, রিগ লালো মরুভূমি থেকে ১৪ জন এবং কয়েক দিন আগে দশত-ই মারগো (মৃত্যুর মরুভূমি) এলাকা থেকে আরও পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিমরোজের তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক হাবিবুল্লাহ এলহাম বলেন, মরুভূমি অতিক্রমের সময় পানির মজুত শেষ হয়ে যাওয়ায় তীব্র গরম ও পানিশূন্যতায় তাদের মৃত্যু হয়।
কর্তৃপক্ষের ভাষ্য, নিহত সবাই উত্তর-পশ্চিমাঞ্চলীয় বাদঘিস প্রদেশের একই গ্রামের বাসিন্দা। উন্নত জীবিকা ও কাজের সন্ধানে তারা ইরানের উদ্দেশে রওনা হয়েছিলেন। তবে সীমান্তসংলগ্ন মরুভূমিতে আটকা পড়ে প্রাণ হারান।
ইরান ও পাকিস্তান সীমান্তবর্তী নিমরোজ প্রদেশটি আফগান অভিবাসীদের অন্যতম প্রধান অনিয়মিত যাতায়াতপথ। গ্রীষ্মে এ অঞ্চলের তাপমাত্রা প্রায়ই ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, যা মরুভূমি পাড়ি দেওয়া অভিবাসীদের জন্য প্রাণঘাতী ঝুঁকি তৈরি করে।

























