কখনো বলিনি অভিনয় ছেড়ে দিয়েছি: হাসান মাসুদ
- আপডেট সময় : ১২:৪০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
সাম্প্রতিক এক বক্তব্যকে কেন্দ্র করে আলোচনায় থাকা অভিনেতা হাসান মাসুদ জানিয়েছেন, তিনি কখনোই বলেননি আর অভিনয় করবেন না। ভালো গল্প ও মানসম্মত কাজের সুযোগ পেলে এখনো অভিনয়ে ফিরতে আগ্রহী তিনি।
সম্প্রতি এক অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে হাসান মাসুদ জানিয়েছিলেন, আপাতত অভিনয় থেকে দূরে আছেন এবং হজ পালন করে এসে ধর্মীয় কাজে বেশি মনোযোগ দিচ্ছেন। তার এই বক্তব্যের পর অনেকেই ধারণা করেন, তিনি হয়তো অভিনয় জগত থেকে পুরোপুরি সরে যাচ্ছেন।
তবে বিষয়টি পরিষ্কার করে অভিনেতা বলেন, “ওই কথাটা বলা আমার ভুল হয়েছে। আমি বলেছিলাম, দুই বছর ধরে অভিনয় করছি না এবং মাঝে মাঝে বিজ্ঞাপনচিত্রে কাজ করছি। এই মুহূর্তে ভালো কনটেন্টও তেমন নেই। কিন্তু আমি কখনো বলিনি যে আর অভিনয় করব না।”
তিনি জানান, ভালো গল্প পেলে এখনো অভিনয় করতে চান। পাশাপাশি ধর্মচর্চা ও অভিনয়কে একে অপরের বিপরীত বলেও মনে করেন না তিনি।
হাসান মাসুদ বলেন, “আপনি ধর্ম পালন করতে পারেন, আবার শুটিং সেটেও নামাজ পড়তে পারেন। ২০০০ সাল থেকে আমি নিয়মিত নামাজ পড়ি। গত কয়েক বছরে যাদের সঙ্গে কাজ করেছি, তারা সবাই বিষয়টি জানেন। শুটিংয়ের সময় সবাই আমাকে নামাজের জন্য বিরতি দিতেন।”
তিনি আরও জানান, হজ থেকে ফিরে ইতোমধ্যে দুটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন। পছন্দসই গল্প ও চরিত্র পেলে ভবিষ্যতেও অভিনয় চালিয়ে যেতে চান।
উল্লেখ্য, অভিনয়ে আসার আগে হাসান মাসুদের কর্মজীবন ছিল বৈচিত্র্যময়। সেনাবাহিনীতে ক্যাডেট হিসেবে কর্মজীবন শুরু করার পর তিনি সাংবাদিকতায় যুক্ত হন। ২০০৩ সালে ব্যাচেলর চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন তিনি। এরপর নাটক ও চলচ্চিত্রে নিজের অভিনয় দক্ষতায় দর্শকের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন।
তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘হাউসফুল’, ‘এফডিসি’, ‘গ্র্যাজুয়েট’, ‘রঙের দুনিয়া’, ‘বিহাইন্ড দ্য সিন’ ও ‘খুনসুটি’। অভিনয়ের পাশাপাশি সংগীতেও রয়েছে তার পরিচিতি; ২০০৬ সালে প্রকাশিত হয়েছিল তার গানের অ্যালবাম।



























