ওমানে গাড়ির এসি বিস্ফোরণে বাংলাদেশের একই পরিবারের চার ভাইয়ের মৃত্যু
- আপডেট সময় : ১১:৪৭:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একই পরিবারের চার ভাই নিহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে রাজধানী মাস্কাট থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে মোলাদ্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আগামীকাল ১৫ মে তাদের দেশে ফেরার কথা ছিলো।
ওমানে বাংলাদেশ দূতাবাস তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। নিহত চার ভাই হলেন- মো. রাশেদ, মো. শাহেদ, মো. সিরাজ ও মো. শহিদ। তারা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বন্দারাজার পাড়া এলাকার আবদুল মজিদের সন্তান। ধারণা করা হচ্ছে, ওমানের মুলাদ্দা নামক এলাকায় গাড়ির এসির বিস্ফোরণ ঘটে তাদের মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে পুরো রাঙ্গুনিয়াজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সুত্রে জানা গেছে, ওই পরিবারের পাঁচ ভাইয়ের মধ্যে চার ভাই ওমান প্রবাসী ছিলেন। তাদের মধ্যে দুই ভাই অবিবাহিত ছিলেন এবং আগামীকাল ১৫ মে তাদের দেশে ফেরার কথা ছিল। দেশে ফেরার উদ্দেশ্যে তারা কেনাকাটা করতে বের হয়েছিলেন। কেনাকাটা শেষে ফেরার পথে এই ঘটনা ঘটে। নিহতদের মরদেহ বর্তমানে স্থানীয় পুলিশের তত্ত্বাবধানে রয়েছে।
























