ইসলামাবাদের হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু
- আপডেট সময় : ১২:২৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালের গাইনোকোলজি ও নবজাতক ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার সময় নবজাতক ওয়ার্ডে ১৬ শিশু ভর্তি ছিল। এর মধ্যে মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি ১৫ নবজাতক আগুনে পুড়ে মারা যায়।
উদ্ধারকারী সংস্থার প্রাথমিক তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে নবজাতক ওয়ার্ডে থাকা একটি এয়ার কন্ডিশনারের কম্প্রেসরে বিস্ফোরণ ঘটে। এরপর দ্রুত পুরো ওয়ার্ডে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে ওয়ার্ড ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এবং চারটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ক্ষতিগ্রস্ত এলাকায় শীতলীকরণ কার্যক্রম চালানো হচ্ছে।
জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, হাসপাতালের এমসিএইচ ওয়ার্ডের তৃতীয় তলায় এ অগ্নিকাণ্ড ঘটে। আগুনের তীব্রতায় বেশ কয়েকটি নবজাতকের মৃত্যু হয়। ঘটনার প্রকৃত কারণ জানতে এবং হাসপাতালের অগ্নিনিরাপত্তা ব্যবস্থায় কোনো ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
অতিরিক্ত ডেপুটি কমিশনারের নেতৃত্বে গঠিত ওই কমিটি আগুন লাগার কারণ, দায়িত্বে অবহেলা এবং ঘটনার সার্বিক বিষয় পর্যালোচনা করবে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে, এ ঘটনায় পাকিস্তানের হাসপাতালগুলোর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে নবজাতক ওয়ার্ডের নিরাপত্তা ব্যবস্থায় আরও কঠোর নজরদারির দাবি উঠেছে।





















