ইরানের সঙ্গে নতুন আলোচনা শুরু হবে: ট্রাম্প
- আপডেট সময় : ০৬:৩৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ইরানের সঙ্গে নতুন দফার আলোচনা সোমবার থেকে শুরু হবে। তিনি জানান, সামরিক পদক্ষেপের পরিকল্পনা আপাতত স্থগিত রেখে কূটনৈতিক সমাধানের পথেই এগোতে চায় ওয়াশিংটন।
ট্রাম্প বলেন, আলোচনার লক্ষ্য হবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অচলাবস্থা নিরসন এবং হরমুজ প্রণালির নিরাপত্তা ও নৌ চলাচল স্বাভাবিক করা। তবে তিনি কোথায় আলোচনা হবে বা কারা এতে অংশ নেবেন, সে বিষয়ে বিস্তারিত জানাননি।
অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনার বিষয় তারা নিশ্চিত করেনি। তেহরানের দাবি, বর্তমানে ওমানের সঙ্গে হরমুজ প্রণালির নিরাপদ নৌ চলাচল নিয়ে আলোচনা চলছে।
ট্রাম্পের এই ঘোষণার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা কিছুটা কমার প্রত্যাশায় আন্তর্জাতিক বাজারে তেলের দামও কমেছে। তবে বিশ্লেষকদের মতে, আলোচনা শুরু হলেও দ্রুত সমঝোতা হবে—এমন নিশ্চয়তা এখনও নেই।






















