ইরানের শীর্ষ নিরাপত্তা পরিষদে বড় রদবদল, এসএনসিসির দায়িত্বে মোহসিন রেজায়ি
- আপডেট সময় : ১১:৫৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / ১৫২৮ বার পড়া হয়েছে
ইরানের শীর্ষ নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে (এসএনসিসি) বড় ধরনের রদবদল করা হয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির অনুমোদনে সংস্থাটির প্রধান নির্বাহী (সেক্রেটারি) পদে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহসিন রেজায়ি।
এর আগে এসএনসিসির সেক্রেটারি থাকা মোহাম্মদ বাঘের জোলগাদরকে সরিয়ে সর্বোচ্চ নেতার রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার এক বার্তায় মোজতবা খামেনি জোলগাদরকে নতুন দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের দপ্তর জানিয়েছে, জোলগাদরের পদত্যাগের পর প্রেসিডেন্টের অনুমোদনে মোহসিন রেজায়িকে এসএনসিসির নতুন সেক্রেটারি করা হয়েছে।
৭১ বছর বয়সী মোহসিন রেজায়ি দীর্ঘদিন ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নেতৃত্ব দিয়েছেন। ১৯৮১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি আইআরজিসির প্রধান কমান্ডার ছিলেন। পরে তিনি দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও নিরাপত্তা দায়িত্ব পালন করেন।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে আলোচনার মধ্যেই এই পরিবর্তন এসেছে। বিশ্লেষকদের মতে, রেজায়ির নিয়োগ ইরানের নিরাপত্তা ও কৌশলগত নীতিতে কট্টরপন্থি অবস্থানের ধারাবাহিকতার ইঙ্গিত দিচ্ছে।
মোহাম্মদ বাঘের জোলগাদরও আইআরজিসির সাবেক কমান্ডার এবং কট্টরপন্থি নিরাপত্তা কর্মকর্তা হিসেবে পরিচিত। তিনি এর আগে আলি লারিজানির স্থলাভিষিক্ত হয়ে এসএনসিসির দায়িত্ব নিয়েছিলেন।
রেজায়ি ও জোলগাদর—দুজনই ইরানের সর্বোচ্চ নেতৃত্বের ঘনিষ্ঠ এবং নিরাপত্তা নীতিতে কঠোর অবস্থানের সমর্থক হিসেবে পরিচিত।

























