‘আমরা মানুষ, এটাই সবচেয়ে বড় পরিচয়’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ০৪:৩১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
বিএনপি সরকার ‘সংখ্যালঘু’ শব্দে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, ধর্ম, বর্ণ ও জাতিগত পরিচয়ের ঊর্ধ্বে মানুষের সবচেয়ে বড় পরিচয় হলো—সে মানুষ। সাম্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে সবাইকে একসঙ্গে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলার বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
শামা ওবায়েদ ইসলাম বলেন, “আমরা সবাই মিলেমিশে দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করে নেব। এই সাম্য ও ভ্রাতৃত্ববন্ধন যেন সারাজীবন অটুট থাকে, সৃষ্টিকর্তার কাছে সেটাই চাই। আমরা মানুষ—এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়।”
তিনি বলেন, নিজেদের মধ্যে জাত ও ধর্মের ভেদাভেদ তৈরি করে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। বরং সব ধর্ম, বর্ণ ও জাতির মানুষকে একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে। পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির মধ্য দিয়েই একটি সুন্দর ও সমৃদ্ধ দেশ গড়ে তোলা সম্ভব।
নিরাপদে দুর্গাপূজা উদ্যাপনে সরকারের নির্দেশনা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদ্যাপনের জন্য পুলিশ ও প্রশাসনের সদস্যরা দিন-রাত কাজ করছেন। বিশেষ করে মা-বোনেরা যেন স্বাধীনভাবে, নিরাপত্তার সঙ্গে উৎসব পালন করতে পারেন, সে বিষয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ সমঅধিকার নিয়ে বসবাস করবেন। দেশের উন্নয়নের সুফল ভোগের পাশাপাশি প্রত্যেক নাগরিক নিরাপত্তা ও মর্যাদা পাবেন। ধর্মীয় পরিচয়ের কারণে কেউ যেন বৈষম্য বা অবহেলার শিকার না হন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
শামা ওবায়েদ ইসলাম সাম্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা
পরিদর্শনকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিভিন্ন পূজামণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি ব্যক্তিগত তহবিল থেকে পূজামণ্ডপগুলোতে আর্থিক সহায়তাও প্রদান করেন।
এ সময় নগরকান্দা ও সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ, নগরকান্দা-সালথা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুহম্মদ আল ফাহাদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকালে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

























