আবারও আলোচনায় বসতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান
- আপডেট সময় : ০৫:১৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
- / ১৭০৮ বার পড়া হয়েছে
ইসলামাবাদে সমঝোতা বৈঠক ব্যর্থ হওয়ার পর আবারও আলোচনায় বসতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান। তবে পুণরায় আলোচনা শুরুর আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দুটি শর্ত দেয়া হয়েছে। ইসরাইলি গণমাধ্যমের বরাতে এ খবর দিয়েছে ভারতের এনডিটিভি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরানের সঙ্গে নতুন দফার আলোচনা দু’দিনের মধ্যেই আবার শুরু হতে পারে। এসময় দারুণ কিছু ঘটবে। তার দাবি, মধ্যস্থতাকারীরা ওয়াশিংটনের সাথে যোগাযোগ করেছে এবং তারা একটি সমঝোতায় আসতে চায়। ট্রাম্প মনে করেন, এই যুদ্ধ দ্রুতই শেষ হয়ে যাবে। তবে নতুন করে আলোচনা শুরুর আগে ওয়াশিংটন চায় গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুরোপুরি ও বাধাহীনভাবে খুলে দেয়া হোক। যুক্তরাষ্ট্রের অপর শর্ত হলো—ইরানের প্রতিনিধিদলকে অবশ্যই ইসলামিক রেভ্যুলশানারি গার্ড কর্পস- আইআরজিসি’র পূর্ণ অনুমোদন থাকতে হবে। যাতে তারা যেকোনো চুক্তি চূড়ান্ত করতে পারে। ইসলামাবাদে কোনো সমঝোতা হলে তা যেন ইরানের শীর্ষ পর্যায়ের সব কর্মকর্তার সম্মতিতে হয়—এটিও যুক্তরাষ্ট্র নিশ্চিত হতে চায়। তবে ইরানের পক্ষ থেকে এই দুই শর্ত নিয়ে এখনো কিছু বলা হয়নি। এমনকি আলোচনা আবার শুরু হতে পারে, এমন দাবিও নাকচ করেছে ইরান। তারা বারবারই বলে আসছে, যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে বিশ্বাস করে না।

























