বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পাকিস্তান
- আপডেট সময় : ০১:৫৫:০৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
- / ১৫২৫ বার পড়া হয়েছে
এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে উঠেছে পাকিস্তান। দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে তারা। ২৮ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। আগামী ২৯ নভেম্বর শিরোপার লড়াইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হবে দলটি।
শুক্রবার (২৭ নভেম্বর) দোহায় টস হেরে প্রথমে ব্যাট করে বাংলাদেশ। শাহাদাত হোসেন দিপুর দুর্দান্ত সেঞ্চুরিতে ৮ উইকেটে ২৩২ রান সংগ্রহ করে দলটি।
দিপু ১১৮ বলে ১০৩ রান করে অপরাজিত থাকেন। তবে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। দলীয় ১৫ রানের মধ্যেই সাজঘরে ফেরেন সাইফ হাসান ও মাহমুদুল হাসান জয়।
এরপর মাহিদুল ইসলামকে নিয়ে ৯৫ রানের জুটি গড়েন দিপু। মাহিদুল ৭৮ বলে করেন ৪২ রান। আফিফ হোসেন ৫ এবং সাব্বির রহমান কোনো রান না করেই আউট হন।
এসএম মেহরব করেন ২৮ রান। রাকিবুল হাসানের ব্যাট থেকে আসে ১০ রান। আর রিপন মন্ডল করেন ১৯ রান।
২৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান। রিপন মন্ডলের বোলিংয়ে ২১ রানের মধ্যে দুই উইকেট হারায় তারা।
তবে এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পাকিস্তান। হাসান নাওয়াজ ও শাহজাইব খান গড়েন ১১০ রানের জুটি। নাওয়াজ ৯১ বলে ৬০ রান করে আউট হন। শাহজাইবের ব্যাট থেকে আসে ৫০ রান।
এরপর আবদুল সামাদ ৩৩ বলে ৪৪ রানের কার্যকর ইনিংস খেলেন। শেষ পর্যন্ত ফারহান ইউসাফ ও রোহাইল নাজির দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
বাংলাদেশের হয়ে পাকিস্তানের বিপক্ষে শুরুতে সাফল্য পেলেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি বোলাররা। ফলে বিদায় নিতে হয়েছে সেমিফাইনাল থেকেই।




















