ইনফান্তিনোকে ৪২ প্রশ্ন উয়েফার, দুই সপ্তাহের আল্টিমেটাম
- আপডেট সময় : ০১:০৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
- / ১৫৫০ বার পড়া হয়েছে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে ৪২টি প্রশ্নের বিস্তারিত লিখিত জবাব চেয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। যুক্তরাষ্ট্রের ফুটবলার ফোলারিন বালোগুনের লাল কার্ডের শাস্তি স্থগিত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফার পিস প্রাইজ প্রদান এবং বিতর্কিত ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) প্রস্তাব নিয়ে এসব প্রশ্ন তুলেছে সংস্থাটি। জবাব দেওয়ার জন্য আগামী ২ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে উয়েফা।
দ্য অ্যাথলেটিকের হাতে আসা তথ্য অনুযায়ী, গত ১৯ অক্টোবর ফিফার সাধারণ সম্পাদক ম্যাথিয়াস গ্রাফস্ট্রোমের কাছে চিঠি পাঠান উয়েফার সাধারণ সম্পাদক থিওডোর থিওডোরিডিস। চিঠিতে প্রতিটি প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যার পাশাপাশি সংশ্লিষ্ট নথিপত্র সরবরাহের আহ্বান জানানো হয়েছে।
উয়েফা জানিয়েছে, কোনো তথ্য বা নথি দিতে অস্বীকৃতি জানানো হলে তার সুনির্দিষ্ট কারণ ব্যাখ্যা করতে হবে। সংস্থাটির মতে, এসব বিষয়ে এখনই জবাব প্রয়োজন। ডিসেম্বরে ফিফা কাউন্সিলের পরবর্তী বৈঠক পর্যন্ত উত্তর দেওয়ার বিষয়টি পিছিয়ে দেওয়া গ্রহণযোগ্য নয়।
বালোগুনের লাল কার্ডের শাস্তি স্থগিত নিয়ে প্রশ্ন
উয়েফার প্রশ্নের অন্যতম প্রধান বিষয় যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের লাল কার্ডের ঘটনায় ফিফার নেওয়া সিদ্ধান্ত। বিশ্বকাপে লাল কার্ডের কারণে স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচ নিষিদ্ধ হওয়ার শাস্তি স্থগিত হওয়ায় বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোতে খেলতে পেরেছিলেন এই মার্কিন ফুটবলার।
কেন বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে উয়েফা। একই সঙ্গে এই সিদ্ধান্তের পেছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনো ভূমিকা ছিল কি না, তা জানতে চেয়েছে সংস্থাটি। শাস্তি স্থগিতের পক্ষে ফিফার দেওয়া পূর্ণাঙ্গ লিখিত যুক্তিও চাওয়া হয়েছে।
ট্রাম্পকে পিস প্রাইজ দেওয়া নিয়েও জবাবদিহি
ডোনাল্ড ট্রাম্পকে ফিফার পিস প্রাইজ দেওয়ার প্রক্রিয়াও উয়েফার ৪২টি প্রশ্নের তালিকায় রয়েছে। পুরস্কারটি চালুর ক্ষেত্রে ইনফান্তিনোর ভূমিকা কী ছিল, তা জানতে চেয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
এ ছাড়া পুরস্কারপ্রাপক নির্বাচনের জন্য কোনো স্বাধীন প্রক্রিয়া এবং বস্তুনিষ্ঠ মানদণ্ড নির্ধারণ ও প্রয়োগ করা হয়েছিল কি না, সে বিষয়েও প্রশ্ন তুলেছে উয়েফা। এমন কোনো প্রক্রিয়া অনুসরণ করা হয়ে থাকলে সংশ্লিষ্ট নথিপত্র সরবরাহের আহ্বান জানানো হয়েছে।
৪২০ কোটি ডলারের এফএফই প্রস্তাব নিয়ে বিতর্ক
ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ বা এফএফই প্রস্তাব নিয়েও বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে উয়েফা। প্রস্তাবটি বাস্তবায়িত হলে ফিফার বাণিজ্যিক কার্যক্রম ও ইভেন্ট পরিচালনাসংক্রান্ত ব্যবসার ২০ শতাংশ অংশীদারত্ব বিক্রির মাধ্যমে ৪২০ কোটি ডলার সংগ্রহের পরিকল্পনা ছিল।
গত ১৫ অক্টোবর সুইজারল্যান্ডের জুরিখে অনুষ্ঠিত ফিফা কাউন্সিলের বৈঠকে বিষয়টি নিয়ে সদস্যদের অন্ধকারে রাখার জন্য ক্ষমা চেয়েছিলেন ইনফান্তিনো। তবে প্রস্তাবটি কীভাবে তৈরি হয়েছিল এবং এর পেছনে কী উদ্দেশ্য ছিল, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি তিনি।
ওই বৈঠকে ইনফান্তিনো উপস্থিত সদস্যদের লিখিতভাবে প্রশ্ন জমা দিতে বলেছিলেন। ডিসেম্বরের পরবর্তী বৈঠকে সেসব প্রশ্নের উত্তর দেওয়ার কথাও জানিয়েছিলেন ফিফা সভাপতি।
তবে উয়েফার চিঠিতে স্পষ্ট করে বলা হয়েছে, ভবিষ্যতে সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ইতিমধ্যে নেওয়া সিদ্ধান্তগুলোর জবাবদিহি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। আগামী ২ নভেম্বরের মধ্যে জবাব চাওয়ার মাধ্যমে ফিফার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া, স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ইউরোপীয় সংস্থাটি।
























