মধ্যপ্রাচ্যের বাইরে জনশক্তি রফতানিতে বিকল্প বাজার খুঁজছে সরকার
- আপডেট সময় : ০৪:১৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
মধ্যপ্রাচ্যের বাইরে ইউরোপের বিভিন্ন দেশে জনশক্তি রফতানির জন্য বিকল্প শ্রমবাজার খুঁজছে সরকার বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে নতুন নতুন খাতে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কর্মীদের লাগেজ পরিবহনের জন্য ট্রলি কার্যক্রমের উদ্বোধন ও প্রবাসী কল্যাণ ডেস্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
ইউরোপে নতুন শ্রমবাজার খোঁজা হচ্ছে
মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ থেকে ইতোমধ্যে প্রায় চার লাখ শ্রমিক বিভিন্ন দেশে পাঠানো হয়েছে। তবে শুধু মধ্যপ্রাচ্যের শ্রমবাজারের ওপর নির্ভর না করে ইউরোপের বিভিন্ন দেশেও জনশক্তি রফতানির সুযোগ খুঁজছে সরকার।
তিনি বলেন, আগামী তিন মাসের মধ্যে অতীতে যেসব খাতে বাংলাদেশ থেকে জনশক্তি রফতানি করা হয়নি, সেসব খাতে কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হবে। এ জন্য নতুন শ্রমবাজার ও কর্মসংস্থানের ক্ষেত্র চিহ্নিত করার কাজ চলছে।
দক্ষ কর্মী পাঠানোর ওপর গুরুত্ব
প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, শুধু বিদেশে শ্রমিক পাঠালেই হবে না। কর্মীদের দক্ষ করে পাঠাতে হবে। তাই দক্ষ ও প্রশিক্ষিত কর্মী তৈরির দিকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।
তার মতে, দক্ষ কর্মীরা বিদেশে ভালো কর্মসংস্থানের সুযোগ পাওয়ার পাশাপাশি দেশের জন্য বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবেন। এজন্য বিদেশগামী কর্মীদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
আপৎকালীন সময়ে প্রবাসীদের জন্য রেস্ট হাউজ
এদিকে বিদেশফেরত ও বিদেশগামী কর্মীদের সুবিধার পাশাপাশি আপৎকালীন সময়ে প্রবাসীদের আশ্রয়ের ব্যবস্থাও করা হবে বলে জানান মন্ত্রী।
তিনি বলেন, ভবিষ্যতে আপৎকালীন সময়ে প্রবাসীরা যাতে চট্টগ্রামে অবস্থান করতে পারেন, সে জন্য শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি রেস্ট হাউজ নির্মাণ করা হবে।
বিমানবন্দরে ট্রলি কার্যক্রমের উদ্বোধন
এর আগে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কর্মীদের লাগেজ পরিবহনের সুবিধার্থে ট্রলি কার্যক্রমের উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
একটি ট্রলি হস্তান্তরের মধ্য দিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে মন্ত্রী বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন।

























