প্যারিস ফ্যাশন উইকে ফিরছেন ঐশ্বরিয়া রাই বচ্চন
- আপডেট সময় : ১২:২১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
প্যারিস ফ্যাশন উইকের মঞ্চে আবারও ফিরছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। ফরাসি প্রসাধনী ব্র্যান্ড লরিয়াল প্যারিসের আয়োজনে ‘লে দেফিলে’ অনুষ্ঠানের নবম আসরে র্যাম্পে হাঁটবেন তিনি।
আগামী ২৮ সেপ্টেম্বর ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হবে তারকাখচিত এই আয়োজন। আইফেল টাওয়ারের সামনে প্লাস জফ্রে এলাকায় বসবে এবারের ‘লে দেফিলে’ অনুষ্ঠান। এতে নারীর আত্মবিশ্বাস, বৈচিত্র্য, পারস্পরিক সংহতি ও অন্তর্ভুক্তিকে গুরুত্ব দেওয়া হবে।
আবারও র্যাম্পে ঐশ্বরিয়া
লরিয়াল প্যারিসের দীর্ঘদিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঐশ্বরিয়ার উপস্থিতি এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ। তার র্যাম্পে ফেরাকে বিশেষভাবে তুলে ধরছে আয়োজকরা।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, ঐশ্বরিয়ার অংশগ্রহণের মাধ্যমে শক্তি, আত্মবিশ্বাস এবং নিজস্ব সৌন্দর্যবোধের বার্তা তুলে ধরা হবে। পাশাপাশি নারীরা নিজেদের মতো করে সৌন্দর্যের সংজ্ঞা তৈরি করতে পারেন—এমন ভাবনাও তুলে ধরা হবে অনুষ্ঠানে।
থাকছেন আরও আন্তর্জাতিক তারকা
২০১৭ সালে যাত্রা শুরু করা ‘লে দেফিলে’ ইতোমধ্যে ফ্যাশন, সৌন্দর্য ও বিনোদন জগতের আলোচিত আয়োজন হয়ে উঠেছে। এবারের আসরেও অংশ নেবেন বিশ্বের বিভিন্ন দেশের পরিচিত তারকারা।
ঐশ্বরিয়ার সঙ্গে একই মঞ্চে দেখা যাবে সিমোন অ্যাশলি, ভায়োলা ডেভিস, কারা ডেলেভিন, জেন ফন্ডা, কেন্ডাল জেনার, ইভা লঙ্গোরিয়া ও অ্যান্ডি ম্যাকডাওয়েলসহ আরও অনেক তারকাকে।
আসছে নতুন সৌন্দর্যপণ্য
এবারের আয়োজনের সঙ্গে নতুন সৌন্দর্যপণ্যও বাজারে আনছে লরিয়াল প্যারিস। ভারতীয় ত্বকের রঙ বিবেচনায় নিয়ে বাজারে আসছে ‘রানওয়ে ম্যাট কালেকশন’।
এই সংগ্রহে থাকবে ইনফ্যালিবল ম্যাট রেজিস্ট্যান্স লিকুইড লিপস্টিকের পাঁচটি নতুন গাঢ় রং। এর মধ্যে ‘৪২৩ অডাসিয়াস রেড’ বিশেষভাবে আলোচনায় রয়েছে। প্যারিস ফ্যাশন উইকের মঞ্চে ঐশ্বরিয়ার ঠোঁটেও এই রং দেখা যাবে বলে জানানো হয়েছে।
মুম্বাইয়ে হবে বিশেষ কর্মশালা
প্যারিসের এই সৌন্দর্য-অভিজ্ঞতা ভারতীয় ক্রেতাদের কাছে পৌঁছে দিতে লরিয়াল প্যারিস অনলাইন সহযোগী হিসেবে অ্যামাজন এবং অফলাইন সহযোগী হিসেবে লাইফস্টাইল স্টোরসের সঙ্গে কাজ করছে।
এ ছাড়া আগামী অক্টোবর মাসে মুম্বাইয়ে প্রথমবারের মতো বিশেষ সৌন্দর্যবিষয়ক কর্মশালার আয়োজন করবে প্রতিষ্ঠানটি। সেখানে ‘লে দেফিলে’ আয়োজনের সাজসজ্জা ও সৌন্দর্যচর্চার বিভিন্ন দিক তুলে ধরা হবে।


























