মার্কিন সামরিক বাহিনীর এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত
- আপডেট সময় : ১২:২৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে মার্কিন সামরিক বাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় যুদ্ধবিমানটির পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে মিশিগান স্টেট পুলিশ।
বৃহস্পতিবার স্থানীয় সময় দুর্ঘটনাটি ঘটে। তবে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। সামরিক কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে।
পাখির সঙ্গে ধাক্কার আশঙ্কা
লাইভএটিসি ডটনেটের ধারণ করা অডিও অনুযায়ী, দুর্ঘটনার আগে এক সামরিক পাইলট বিমান চলাচল নিয়ন্ত্রণকর্মীদের সতর্ক করেন। তিনি জানান, একটি যুদ্ধবিমান সম্ভবত পাখির সঙ্গে ধাক্কা খেয়েছে।
ওই পাইলট বলেন, উইংম্যানের কাছ থেকে বিপদের সংকেত পাওয়া গেছে এবং বিমানটি হয়তো কোনো পাখির সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে।
এরপর একজন এয়ার ট্রাফিক কন্ট্রোলার অন্য পাইলটদের জানান, মনে হচ্ছে বিমানটি একটি ইঞ্জিন হারিয়েছে। একই সঙ্গে পাইলট নিরাপদে বেরিয়ে এসেছেন বলেও জানানো হয়।
দুর্ঘটনাস্থলে আগুন, ধোঁয়া
সিএনএনের হাতে আসা ভিডিওতে দেখা গেছে, ট্রাভার্স সিটির দক্ষিণে একটি গ্রামীণ এলাকায় বসতবাড়ির পাশের মাঠে আগুন জ্বলছে। দুর্ঘটনাস্থল থেকে আকাশে ঘন কালো ধোঁয়া উঠতেও দেখা যায়।
এলাকাটি মিশিগানের গ্র্যান্ড র্যাপিডস শহর থেকে প্রায় ১৩০ মাইল উত্তরে অবস্থিত।
মিশিগান স্টেট পুলিশের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় পাইলট ছাড়া আর কেউ আহত হননি। আহত পাইলটকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এক মাইল এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়
যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর দুর্ঘটনাস্থলের আশপাশে বিপজ্জনক রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। এ কারণে ঘটনাস্থলের এক মাইলের মধ্যে থাকা বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মানুষকে সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়।
পরে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১০টার মধ্যে বেশিরভাগ বাসিন্দাকে বাড়িতে ফেরার অনুমতি দেওয়া হয় বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে মিশিগান স্টেট পুলিশ।
যুক্তরাষ্ট্রে নিয়মিত ঘটে পাখির সঙ্গে বিমানের সংঘর্ষ
এ ধরনের দুর্ঘটনার ক্ষেত্রে পাখির সঙ্গে বিমানের সংঘর্ষ একটি সম্ভাব্য কারণ হতে পারে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) ওয়াইল্ডলাইফ স্ট্রাইক ডেটাবেস অনুযায়ী, দেশটিতে প্রতি বছর হাজার হাজার বিমান পাখি ও অন্যান্য প্রাণীর সঙ্গে সংঘর্ষে জড়ায়।
শুধু মিশিগানের ট্রাভার্স সিটিতেই ২০২৫ সালে এ ধরনের ৪১টি ঘটনার তথ্য নথিভুক্ত হয়েছে।
তবে এবারের এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্তের প্রকৃত কারণ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।





















