বিপিএলে দুর্নীতির অভিযোগে দুজনকে সাময়িক নিষিদ্ধ করল বিসিবি
- আপডেট সময় : ০২:১০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ ও দ্বাদশ আসর ঘিরে দুর্নীতির অভিযোগে দুই ব্যক্তিকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ম্যাচের ফল বা গতিপথ অনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টা এবং দুর্নীতিবিরোধী বিধি ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে শৃঙ্খলামূলক প্রক্রিয়া শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবি।
যাদের বিরুদ্ধে অভিযোগ
বিসিবির অভিযুক্ত দুজন হলেন বিপিএলের দ্বাদশ আসরে চট্টগ্রাম রয়্যালসের সাবেক মালিক মো. আবদুল কাইয়ুম রাশেদ এবং একাদশ আসরে দুর্বার রাজশাহী ও দ্বাদশ আসরে চট্টগ্রাম রয়্যালসের সাবেক দলীয় কর্মকর্তা মো. আমিন খান।
বিসিবির ইন্টেগ্রিটি ইউনিটের তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইসিসির ২০২৪ সালের দুর্নীতিবিরোধী বিধির বিভিন্ন ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।
কাইয়ুম রাশেদের বিরুদ্ধে যেসব অভিযোগ
বিসিবির তথ্য অনুযায়ী, কাইয়ুম রাশেদের বিরুদ্ধে ম্যাচের ফল, অগ্রগতি বা অন্য কোনো দিক অনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টা কিংবা এ ধরনের সমঝোতায় যুক্ত থাকার অভিযোগ রয়েছে।
এ ছাড়া দুর্নীতির প্রস্তাব পাওয়ার তথ্য যথাসময়ে না জানানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তদন্তে সহযোগিতা না করা এবং ফরেনসিক পরীক্ষার জন্য নিজের প্রধান মোবাইল ফোন দিতে অস্বীকৃতি জানানোর অভিযোগও করা হয়েছে।
আমিন খানের বিরুদ্ধে অভিযোগ
আমিন খানের বিরুদ্ধেও ম্যাচের ফল বা গতিপথ অনৈতিকভাবে প্রভাবিত করার অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি অন্য কোনো অংশগ্রহণকারীকে দুর্নীতিতে জড়াতে উৎসাহিত বা সহায়তা করার অভিযোগ রয়েছে।
তদন্তে সহযোগিতা না করা এবং তদন্তের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে—এমন যোগাযোগ বা তথ্য গোপন কিংবা ধ্বংস করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
জবাব দিতে ১৪ দিন সময়
বিসিবি জানিয়েছে, অভিযোগের নোটিশ পাওয়ার পর দুই অভিযুক্তকে জবাব দেওয়ার জন্য ১৪ দিন সময় দেওয়া হয়েছে। একই সঙ্গে শৃঙ্খলামূলক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাদের সাময়িক নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
বিষয়টি নিয়ে শৃঙ্খলামূলক প্রক্রিয়া চলমান থাকায় আপাতত এ বিষয়ে আর কোনো মন্তব্য করবে না বলে জানিয়েছে বিসিবি।






















