জামালপুরে স্কুলের চলাচলের রাস্তায় দেয়াল নির্মাণের অভিযোগ
ফজলে এলাহী মাকাম,জামালপুর:
- আপডেট সময় : ১২:০৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
জামালপুর শহরের সরদারপাড়া এলাকায় স্কুলের চলাচলের রাস্তায় জোরপূর্বক ইটের দেয়াল নির্মাণ করে রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জমির মালিক মো. শহিদুল হাসান ভূঁইয়া সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
অভিযোগে জানা যায়, গত ২৭ আগস্ট রেজাউল করিম রব্বানী গংরা রাস্তার জন্য রেজিস্ট্রি করা তিন শতাংশ জমিতে ইটের দেয়াল নির্মাণ করে চলাচল বন্ধ করে দেন। এতে আশপাশের জমির মালিকদের পাশাপাশি নতুন কুড়ি স্কুলের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীর চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
শহিদুল হাসান ভূঁইয়া অভিযোগ করেন, দেয়াল নির্মাণে বাধা দিলে তাকে গালিগালাজ, হুমকি ও প্রাণনাশের ভয় দেখানো হয়। স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করেন।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী দেয়াল অপসারণ করে চলাচল স্বাভাবিক এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।






















