আগামী বছর থেকে আর পেঁয়াজ আমদানি করতে হবে না: কৃষিবিদ আব্দুর রহিম
- আপডেট সময় : ০৪:৫৬:২৭ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
আগামী বছর থেকে দেশে পেঁয়াজের চাহিদা পূরণে আর আমদানির প্রয়োজন হবে না বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ আব্দুর রহিম। তিনি বলেন, বর্তমানে উৎপাদিত পেঁয়াজ সংরক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। ভবিষ্যতে আরও এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হবে।
শনিবার (৪ সেপ্টেম্বর) মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে চারা বিতরণ ও কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃষিবিদ আব্দুর রহিম বলেন, দেশে পেঁয়াজ সংরক্ষণের ব্যবস্থা বাড়ানো হচ্ছে। এর ফলে উৎপাদিত পেঁয়াজ দীর্ঘ সময় সংরক্ষণ করা সম্ভব হবে। নিজেদের উৎপাদিত পেঁয়াজ দিয়েই দেশের চাহিদা পূরণ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
২৫ লাখ গাছের চারা রোপণ
পরিবেশ সংরক্ষণ ও কৃষিতে বৈচিত্র্য বাড়ানোর লক্ষ্যে চারা বিতরণ কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, এ কর্মসূচির মাধ্যমে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি স্থানীয় পর্যায়ে সবুজায়ন বাড়বে। দেশের ১৩ জেলার ৩০টি উপজেলায় প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় ২৫ লাখ গাছের চারা রোপণ করা হচ্ছে।
১০ জাতের চারা বিতরণ
ব্র্যাক ব্যাংক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় হরিরামপুরে চারা বিতরণ করা হয়। প্রকল্পভুক্ত কৃষি উন্নয়ন সমিতি এবং আশপাশের কৃষক-কৃষাণিদের মধ্যে ১০ জাতের গাছের চারা দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (পিএসএস) ও প্রকল্প পরিচালক কৃষিবিদ মোহাম্মদ নজরুল ইসলাম।
এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক কৃষিবিদ শাহজাহান সিরাজ, হরিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান খানসহ স্থানীয় কৃষি কর্মকর্তা এবং কৃষক-কৃষাণিরা উপস্থিত ছিলেন।


























