নেপাল-তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১ হাজার
- আপডেট সময় : ১২:৫৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৩২ বার পড়া হয়েছে
নেপাল ও চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। দুই দেশে এখন পর্যন্ত ১ হাজার ৩ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে নিখোঁজ রয়েছেন ৪ হাজার ৪৬২ জন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুই দেশের সর্বশেষ তথ্যের বরাতে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
নেপালে নিহত ৯৮৭
নেপালের জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার তথ্য অনুযায়ী, দেশটিতে বন্যায় এ পর্যন্ত ৯৮৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে অনেকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো ৩ হাজার ৯১৬ জন নিখোঁজ রয়েছেন।
অন্যদিকে, তিব্বতে ১৬ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে চীন। সেখানে নিখোঁজ রয়েছেন ৫৪৬ জন। দুই দেশ মিলিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩ জনে।
আজ ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগের সপ্তম দিনে উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম চলছে। বিপুলসংখ্যক মানুষ এখনো নিখোঁজ থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নিখোঁজদের মধ্যে শত শত বিদেশি
নেপালে নিখোঁজদের মধ্যে ৫৮৩ জন বিদেশি নাগরিক রয়েছেন। তারা বিশ্বের ৩০টি দেশ থেকে হিমালয়ের দেশটিতে ভ্রমণে গিয়েছিলেন।
এদিকে তিব্বতে নিখোঁজ বিদেশির সংখ্যা ২৬১। তারা ২৩টি দেশের নাগরিক বলে জানিয়েছে চীন।
মরদেহ শনাক্তে ডিএনএ সংগ্রহ
নেপালের রাসুয়া জেলার ভোটেকোশি নদীতে গত বুধবার আকস্মিক বন্যার সৃষ্টি হয়। প্রবল স্রোতে বন্যায় নিহতদের অনেকের মরদেহ কয়েকশ মাইল দূরেও ভেসে গেছে।
মরদেহ সংরক্ষণের জন্য পর্যাপ্ত ফ্রিজার না থাকায় সংকটে পড়েছে নেপালের কর্তৃপক্ষ। এ কারণে মরদেহগুলোর ডিএনএ নমুনা সংগ্রহ করে আপাতত গণকবরে সমাহিত করা হচ্ছে।
পরবর্তীতে ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্ত হলে মরদেহগুলো কবর থেকে তুলে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে।
সূত্র: এএফপি





















