রুবেলের ৫ উইকেটে সেমিফাইনালে বাংলাদেশ এইচপি
- আপডেট সময় : ১২:০২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
নর্দার্ন টেরিটরি স্ট্রাইককে ৩ উইকেটে হারিয়ে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে শুক্রবারের ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক অফস্পিনার মোহাম্মদ রুবেল। দুর্দান্ত বোলিংয়ে মাত্র ২১ রান খরচায় ৫ উইকেট শিকার করেন তিনি।
এই জয়ে টুর্নামেন্টে ছয় ম্যাচে বাংলাদেশের এইচপির জয় হলো পাঁচটি। ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থেকেই শেষ চারের টিকিট নিশ্চিত করেছে দলটি।
রুবেলের ঘূর্ণিতে ১৪৩ রানে থামল স্ট্রাইক
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে ছিল নর্দার্ন টেরিটরি স্ট্রাইক। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৩ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়ার দলটি।
জর্ডান সিল্ক ৩১ রান করে দলের সর্বোচ্চ স্কোরার। এ ছাড়া ম্যাট হ্যামন্ড ২৬ এবং কেলান ম্যাকমাহন করেন ২৫ রান।
বাংলাদেশের বোলিং আক্রমণের সামনে স্ট্রাইকের ব্যাটিং ধসের মূল কারিগর ছিলেন রুবেল। বল দুই দিকে ঘোরানোর দক্ষতার কারণে এবারের টুর্নামেন্টে রহস্যময় স্পিনার হিসেবে আলোচনায় থাকা এই অফস্পিনার ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে তুলে নেন ৫ উইকেট। ম্যাচসেরার পারফরম্যান্সও আসে তার কাছ থেকেই।
এবারের টুর্নামেন্টে রুবেলের এটি আরেকটি দুর্দান্ত বোলিং পারফরম্যান্স। এখন পর্যন্ত প্রতিযোগিতায় সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। তার ঝুলিতে জমা হয়েছে ২০ উইকেট। বোলিং ইকোনমি রেটও দারুণ—মাত্র ৬.১৬।
সাব্বিরের ৪৭ রানে এগিয়ে যায় বাংলাদেশ
১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য শুরুটা স্বস্তির ছিল না বাংলাদেশ এইচপির। ইনফর্ম আরিফুল হক ৬ বলে ১০ রান করে ফেরেন। এরপর হাবিবুর রহমান সোহান ১৮ বলে ২২ এবং শামিম হোসেন ১১ রান করে আউট হলে চাপে পড়ে বাংলাদেশ।
তবে এক প্রান্ত আগলে রেখে দলকে জয়ের পথে এগিয়ে নেন সাব্বির রহমান। ৩৭ বলে ৪৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন এই ডানহাতি ব্যাটার। হাফসেঞ্চুরি থেকে মাত্র ৩ রান দূরে থাকতে তার ইনিংসের সমাপ্তি ঘটে।
সাব্বির ফেরার পরও জয়ের জন্য খুব বেশি বেগ পেতে হয়নি বাংলাদেশকে। এস এম মেহরব ৮ রান করে আউট হলেও অধিনায়ক ইরফান শুক্কুর ১৭ এবং সামিউন বশির ১৪ রান করে দলের জয়ের পথ সহজ করেন।
শেষ পর্যন্ত আবদুল গফফার সাকলায়েন ৪ বলে অপরাজিত ৬ রান করে জয় নিশ্চিত করেন। ১০ বল হাতে রেখেই ৩ উইকেটের জয় পায় বাংলাদেশ এইচপি।



























