নিখোঁজ ৩৯১ বিদেশি
নেপাল সীমান্তে বন্যা-ভূমিধস, মৃত ৯৮
- আপডেট সময় : ০৫:০৮:১০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
- / ১৭৫১ বার পড়া হয়েছে
নেপাল-তিব্বত সীমান্তবর্তী এলাকায় আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৯৮ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে নেপালে ৯৫ জন এবং তিব্বতে তিনজন রয়েছেন। একই ঘটনায় ভারতীয়, মার্কিন ও ব্রিটিশ নাগরিকসহ অন্তত ৩৯১ জন বিদেশি নিখোঁজ রয়েছেন।
বুধবার (২৬ আগস্ট) ভোরে নেপালের রাজধানী কাঠমান্ডুর উত্তরে রাসুয়া জেলায় ভোতে কোশি নদীতে হঠাৎ পানির প্রবাহ বেড়ে গেলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এরপর বিভিন্ন এলাকায় ভূমিধস দেখা দেয়। এতে প্রাণহানির পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। নেপালের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিখোঁজ বিদেশিদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। তাদের সন্ধানে উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম চালানো হচ্ছে।
স্থানীয় কর্মকর্তাদের ধারণা, অতিরিক্ত তুষার গলে ভোতে কোশি নদীতে পানির প্রবাহ অস্বাভাবিকভাবে বেড়ে গিয়ে আকস্মিক বন্যার সৃষ্টি হয়ে থাকতে পারে। তবে বন্যার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
নেপাল পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, প্রবল পানির স্রোতে কয়েকটি গ্রাম প্লাবিত ও ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানিতে সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে দুর্গত এলাকায় যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হচ্ছে।
নিখোঁজ বিদেশি নাগরিকদের উদ্ধারে স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনী কাজ করছে। দুর্গম এলাকায় ভূমিধসের কারণে উদ্ধার তৎপরতা বাধাগ্রস্ত হচ্ছে বলে জানা গেছে।
নেপাল-তিব্বত সীমান্তবর্তী এই অঞ্চলে আকস্মিক বন্যা ও ভূমিধসে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্ধার অভিযান জোরদার করেছে।























