অক্টোবরে মুক্তি পাচ্ছে ওয়েব ফিল্ম ‘শব্দহীন যন্ত্রণা’
- আপডেট সময় : ০৩:৩৮:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক : জায়না ইজি প্রোডাকশনের ব্যানারে নির্মিত হয়েছে পারিবারিক, সামাজিক ও মনস্তাত্ত্বিক ওয়েবফিল্ম ‘শব্দহীন যন্ত্রণা’। মো. আক্তার হোসেন পরিচালিত এই ওয়েবফিল্মটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন চিকিৎসক ও গবেষক ডা. তৃণা ইসলাম। জানা গেছে, আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
‘শব্দহীন যন্ত্রণা’ শুধু একটি পারিবারিক গল্প নয়, বরং কিশোর-কিশোরীদের স্বাস্থ্য, নিরাপত্তা ও পরিবারে সচেতনতার মতো গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে নির্মিত হয়েছে। কৈশোরের আবেগ, অজ্ঞতা ও অপরিপক্বতার একটি ঘটনা কীভাবে একজন কিশোরীর শারীরিক ও মানসিক স্বাস্থ্য, পরিবার এবং ভবিষ্যৎ জীবনকে প্রভাবিত করতে পারে, সেই বাস্তবতাই উঠে এসেছে গল্পে।
ওয়েবফিল্মটির কাহিনিতে কিশোরী মায়ার গর্ভাবস্থাকে কেন্দ্র করে কিশোর বয়সে গর্ভধারণের শারীরিক ও মানসিক ঝুঁকি, সময়মতো চিকিৎসাসেবা ও কাউন্সেলিংয়ের প্রয়োজনীয়তা এবং অভিভাবকের দায়িত্ব তুলে ধরা হয়েছে। পাশাপাশি বয়সোপযোগী প্রজনন স্বাস্থ্যশিক্ষার প্রয়োজনীয়তার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।
ডা. তৃণা ইসলাম চিকিৎসক ও গবেষক হিসেবে কাজ করার পাশাপাশি সংবাদ উপস্থাপক ও অনুষ্ঠান প্রযোজক হিসেবেও পরিচিত। তাঁর লেখা গল্পে কিশোর-কিশোরীদের প্রতি পরিবারের ভূমিকা এবং তাদের সঙ্গে খোলামেলা যোগাযোগের গুরুত্ব তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
‘শব্দহীন যন্ত্রণা’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আমান রেজা, তৃণা ইসলাম, তাহসান বিন রফিক, মৌরি, রেবেকা রউফ, ফারজানা ছবি, বড়দা মিঠু, আজম খান, শশী আফরোজা ও লালশি। এছাড়া কিশোর ও শিশু চরিত্রে অভিনয় করেছেন সিফাত, আভা, আনাস, আজুয়াত, আজমিন ও আরুশা।
নির্মাতা জানান, ‘শব্দহীন যন্ত্রণা’ দর্শকদের আবেগ স্পর্শ করার পাশাপাশি কিশোর-কিশোরীদের স্বাস্থ্য, অভিভাবক-সন্তান সম্পর্ক, প্রজনন স্বাস্থ্যশিক্ষা ও সামাজিক সহমর্মিতা নিয়ে পরিবার ও সমাজে ইতিবাচক আলোচনা তৈরি করবে।


























