খদরে খাসি না থাকায় বিয়ে না করেই চলে গেলেন প্রবাসী বর
- আপডেট সময় : ০১:৪০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
- / ১৭১৬ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের ঐতিহ্যবাহী খাবার ‘খদরে’ খাসি না থাকায় বিয়ে না করেই কনের বাড়ি থেকে চলে গেছেন জাপান প্রবাসী বর জুনায়েদ। সোমবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার ধরখার ইউনিয়নের তোলাতালা গ্রামে এ ঘটনা ঘটে। জুনায়েদ কসবা উপজেলার নিয়ামতপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে।
স্থানীয়রা জানান, বিয়ের আনুষ্ঠানিকতায় কনের বাড়িতে গিয়ে খাসি ছাড়া খদরের খাবার দেখে আপত্তি জানান বর। খাসি না দিলে বিয়ের আনুষ্ঠানিকতা করবেন না বলে জানালে কনেপক্ষের লোকজন তাকে বোঝানোর চেষ্টা করেন। তবে সিদ্ধান্তে অনড় থাকায় শেষ পর্যন্ত বিয়ে না করেই তিনি ফিরে যান।
কনের বাবা শফিক মিয়া বলেন, বিষয়টি আগে জানালে খাসির ব্যবস্থা করা হতো। কিন্তু আগে কিছু জানানো হয়নি। পরে অনেক অনুরোধ করেও তাকে রাজি করানো যায়নি।
স্থানীয় ইউপি সদস্য আশিক মিয়া ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে বলেন, খাসির বিষয়টি নিয়ে অনেক বোঝানোর পরও বর বিয়ে করতে রাজি হননি।



























