ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু
- আপডেট সময় : ০২:৩১:১১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই দিনে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালে হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭০ জনে।
সোমবার (১৭ আগস্ট) হাসপাতাল কর্তৃপক্ষের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২২ শিশু ভর্তি হয়েছে। ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে ২৫ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে ৮৬ শিশু।
গত মার্চের মাঝামাঝি থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩ হাজার ৪৬১ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩ হাজার ৫ জন।
হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাইন উদ্দিন জানান, সর্বশেষ মারা যাওয়া শিশুটির বয়স পাঁচ মাস। এর আগের ২৪ ঘণ্টায় সাত মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়। তাদের বাড়ি যথাক্রমে গাজীপুরের শ্রীপুর ও ময়মনসিংহ সদর উপজেলায়। তিনি বলেন, হামের প্রকোপ কমেনি এবং প্রতিদিনই উপসর্গ নিয়ে শিশু ভর্তি হচ্ছে। হাসপাতালে এখনো কোনো আইসিইউ স্থাপন করা হয়নি।
























