রাশিয়ার ড্রোন নির্মাতা প্রতিষ্ঠানের প্রধানের গাড়িতে বিস্ফোরণ
- আপডেট সময় : ০৭:১৭:৪১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
রাশিয়ার ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান ইউরালড্রোনজাভোদ-এর প্রধান ভ্লাদিমির তাকাচুক মধ্য রাশিয়ার ইয়েকাতেরিনবুর্গের কাছে একটি রহস্যজনক গাড়ি বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন।
বুধবার রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জরুরি সেবা কর্মকর্তাদের বরাত দিয়ে জানায়, বিস্ফোরণের পর তাকাচুককে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসাধীন রয়েছেন।
এক কর্মকর্তা জানান, “তিনি গুরুতর অবস্থায় আইসিইউতে রয়েছেন। চিকিৎসকরা তার জীবন বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।”
তবে বিস্ফোরণের কারণ বা কীভাবে ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। এ ঘটনায় ইউক্রেনকে দায়ী করেও এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি রাশিয়ান কর্তৃপক্ষ।
ইউরালড্রোনজাভোদ রাশিয়ার একটি প্রতিষ্ঠান, যা এফপিভি-সহ বিভিন্ন ধরনের মানববিহীন আকাশযান (ড্রোন) উন্নয়ন ও উৎপাদনের সঙ্গে জড়িত।
উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার সামরিক ও প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করে একাধিক হামলার অভিযোগ উঠেছে। তবে সর্বশেষ এই বিস্ফোরণের সঙ্গে ইউক্রেনের সম্পৃক্ততার বিষয়ে এখনো কোনো প্রমাণ বা আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।


























