ইরানে হামলা থেকে সরে আসেন ট্রাম্প
- আপডেট সময় : ০১:২৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
ইরানের সঙ্গে সংঘাত চলাকালে যুক্তরাষ্ট্র তাদের টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স (থাড) ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার প্রায় ৮০ শতাংশ ইন্টারসেপ্টর ব্যবহার করে ফেলেছিল। এ কারণেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোয় পরিকল্পিত বড় ধরনের হামলা থেকে শেষ পর্যন্ত সরে আসেন বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
সিএনএনের প্রতিবেদনে সংশ্লিষ্ট দুই সূত্রের বরাতে বলা হয়েছে, যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্রের কাছে যে পরিমাণ থাড ইন্টারসেপ্টর ছিল, তার প্রায় চার-পঞ্চমাংশ সংঘাত চলাকালে ব্যবহৃত হয়। একই সময়ে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার প্রায় অর্ধেক ইন্টারসেপ্টরও ব্যয় হয়।
এর আগে রয়টার্স ও সিবিএস নিউজের পৃথক প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানের বিরুদ্ধে অভিযানের সময় যুক্তরাষ্ট্র তাদের দূরপাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্রের বৈশ্বিক মজুতেরও উল্লেখযোগ্য অংশ ব্যবহার করেছে।
সিএনএনের দাবি অনুযায়ী, ক্ষেপণাস্ত্রের মজুত দ্রুত কমে যাওয়া এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর ওপর ইরানের সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কা ট্রাম্প প্রশাসনকে আরও সতর্ক করে তোলে। এর ফলেই ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোয় বড় ধরনের হামলার পরিকল্পনা বাস্তবায়ন করা হয়নি।
তবে এ দাবিকে গুরুত্ব দেয়নি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ও হোয়াইট হাউস।
পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পারনেল সিএনএনকে বলেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের। প্রেসিডেন্ট যখন, যেখানে এবং যেভাবে নির্দেশ দেবেন, সে অনুযায়ী অভিযান পরিচালনার জন্য প্রয়োজনীয় সব সক্ষমতা তাদের রয়েছে।
হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলিও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সব কৌশলগত লক্ষ্য পূরণ এবং প্রয়োজনীয় সামরিক অভিযান পরিচালনার জন্য যুক্তরাষ্ট্রের কাছে পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ ও অস্ত্রের মজুত রয়েছে।
সূত্র: সিএনএন।


























