হরমুজ প্রণালী খুলতে ইরানের সঙ্গে সমঝোতার আশা যুক্তরাষ্ট্রের
- আপডেট সময় : ০১:০৭:৩০ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- / ১৫৪০ বার পড়া হয়েছে
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত করতে ইরানের সঙ্গে আগামী এক-দুই দিনের মধ্যেই একটি সমঝোতায় পৌঁছানো যেতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তার মতে, এ ধরনের চুক্তি হলে আন্তর্জাতিক জাহাজ চলাচল স্বাভাবিক হবে এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের দামও কমতে পারে।
মঙ্গলবার মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে স্কট বেসেন্ট বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, বুধবার কিংবা বৃহস্পতিবারের মধ্যেই হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং চলমান উত্তেজনা প্রশমনে একটি সমঝোতায় পৌঁছানোর সুযোগ রয়েছে।
সম্ভাব্য চুক্তির আওতায় ইরান প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের কাছ থেকে টোল আদায়ের অনুমতি পাবে কি না—এমন প্রশ্নের জবাবে বেসেন্ট বলেন, আলোচনার মূল লক্ষ্য হরমুজ প্রণালীতে অবাধ নৌ চলাচল নিশ্চিত করা।
তিনি আরও জানান, গত কয়েক দিনে পরিস্থিতি কিছুটা ঝুঁকিপূর্ণ থাকলেও ইতোমধ্যে কয়েকটি জাহাজ প্রণালী অতিক্রম করতে শুরু করেছে। বর্তমানে শত শত জাহাজ চলাচলের অপেক্ষায় রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
বেসেন্টের ভাষায়, পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক না হলেও ধীরে ধীরে উন্নতি হচ্ছে। জাহাজ চলাচল স্বাভাবিক হলে জ্বালানি তেলের দামও কমে আসবে, যা বৈশ্বিক অর্থনীতির জন্য ইতিবাচক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে আরও বেশি জাহাজ চলাচল নিশ্চিত করতে ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হয়েছে। তবে এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি বলে জানান তিনি।



























