কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান অন্তর ও তাঁর পরিবারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- আপডেট সময় : ০৫:৩৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবির পাশাপাশি অভিযুক্তদের পক্ষে মামলা পরিচালনা না করার আহ্বানও জানানো হয়।
অ্যাডভোকেট মিজানুর রহমান অন্তর ও তাঁর পরিবারের ওপর সংঘটিত হামলার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সামনে মানববন্ধন করেন জেলার শতাধিক আইনজীবী। নবীন ও প্রবীণ আইনজীবীদের অংশগ্রহণে আদালতপাড়া প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে ওঠে।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন আইনজীবী ও তাঁর পরিবারের ওপর হামলা শুধু একটি পরিবারের ওপর আঘাত নয়, বরং বিচারব্যবস্থা, আইনের শাসন এবং আইনজীবীদের স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের ওপরও হুমকি।
মানববন্ধনে বক্তব্য দেন জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. কাইমুল হক রিংকু, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সহিদ উল্লাহ, সাবেক সভাপতি মো. শরীফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. মাহাবুবুল হক খন্দকারসহ বারের জ্যেষ্ঠ আইনজীবীরা।
বক্তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে অ্যাডভোকেট মিজানুর রহমান অন্তর ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান।
মানববন্ধন থেকে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্যদের প্রতি অভিযুক্তদের পক্ষে মামলা পরিচালনা না করার আহ্বান জানানো হয়। আয়োজকদের ভাষ্য, এর মাধ্যমে আইনজীবী সমাজের ঐক্য, পেশাগত মর্যাদা এবং সন্ত্রাসের বিরুদ্ধে সম্মিলিত অবস্থান তুলে ধরা হয়েছে।
আইনজীবীরা বলছেন, সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে আইনজীবীদের ভয় দেখিয়ে ন্যায়বিচারের পথ রুদ্ধ করার যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। একই সঙ্গে দ্রুত, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।






















