আজ হোলি আর্টিজানে সন্ত্রাসী হামলার দশ বছরপূর্তি
- আপডেট সময় : ১১:৫৫:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
হলি আর্টিসান বেকারিতে সশস্ত্র হামলার দশম বর্ষপূর্তি আজ। ২০১৬ সালের এই দিনে গুলশানের ৭৯ নম্বর রোডের ওই রেস্তোরায় সন্ত্রাসীদের হামলায় নয়জন ইতালীয়, সাতজন জাপানি, একজন ভারতীয়, দুজন বাংলাদেশী, একজন বাংলাদেশি-আমেরিকান নাগরিক ও দুই পুলিশ কর্মকর্তা নিহত হন।
ঘটনার পর দায়ের করা গুলশান থানার মামলায় কয়েকজন গ্রেফতার হন। প্রায় সাড়ে তিন বছর মামলা চলার পর ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল ২০১৯ সালের ২৭ নভেম্বর সাতজনের ফাঁসির রায় দেয়। কিন্তু ২০২৩ সালের ৩০ অক্টোবর ডেথ রেফারেন্স ও আপিলের রায়ে ওই ৭ জনের সাজা পাল্টে আমৃত্যু কারাদণ্ড দেন হাইকোর্ট। দণ্ডিতরা হলেন- জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী, আসলাম হোসেন ওরফে রেশ, হাদিসুর রহমান, রাকিবুল হাসান রিগ্যান, আব্দুস সবুর খান, শরিফুল ইসলাম ওরফে খালেদ ও মামুনুর রশিদ রিপন। তবে হামলার মূল পরিকল্পনাকারীদের অধিকাংশই আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন।















