ভঙ্গুর অর্থনীতি ঠিক করতে বছর দু’য়েক লাগবে : অর্থমন্ত্রী
- আপডেট সময় : ০৯:২৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
দেশের ভঙ্গুর অর্থনীতি ঠিক করতে বছর দু’য়েক লাগবে বলে মন্তব্য করেছেন খোদ অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, তৃতীয় বছর থেকে দেখা মিলবে সমৃদ্ধ বাংলাদেশের। ধ্বংস হওয়া পুঁজিবাজার আগামী ২ বছরের মধ্যে ঘুরে দাঁড়াবে বলেও আশা প্রকাশ করেন তিনি। সকালে রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে, গবেষণা প্রতিষ্ঠান সিজিএস আয়োজিত ‘দ্যা ফিসক্যাল কমপ্যাস’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে বসেছিলো দেশের রাজস্ব নীতি নিয়ে শীর্ষ পর্যায়ের বৈঠক। সেন্ট্রাল ফর গভর্নেন্স স্টাডিজ- সিজিএস আয়োজিত ‘দ্যা ফিসক্যাল কমপ্যাস’ শীর্ষক এই সেমিনারে উঠে আসে অনাগত অর্থনীতির নানা প্রসঙ্গ।
করের হার না বাড়িয়ে ‘ডিজিটাল এনবিআর’ চালুর মাধ্যমে করের আওতা বাড়ানোর পরামর্শ দেন অর্থনীতি বিশ্লেষকেরা। সেই সাথে এনবিআরকে রাজনৈতিক প্রভাবমুক্ত ও একটি সম্পূর্ণ স্বাধীন সংস্থায় রূপান্তরের দাবি তাদের।
অবকাঠামোর চে’ শিক্ষা-স্বাস্থ্যের গুণগত মান উন্নয়নে জোর দেয়ার তাগিদ দেন বিশেষজ্ঞরা।
বৈশ্বিক উত্তেজনা ও দেশের ভঙ্গুর অর্থনীতিতে জনগণের আকাঙ্খা মাথায় রেখে সরকার বাজেট প্রণয়ন করেছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন– দেশের ভঙ্গুর অর্থনীতি ঠিক করতে বছর দু’য়েক লাগবে। তৃতীয় বছর থেকে হবে– সমৃদ্ধ বাংলাদেশ।
মন্ত্রী জানান, গ্রামীণ অর্থনীতিকে এগিয়ে নিতে প্রান্তিক উদ্যোক্তাদের পৃষ্ঠপোষকতা করবে সরকার। রাজধানীর পূর্বাচলে গড়ে তোলা হবে বিশেষ বিনোদন কেন্দ্র।

























