যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক ভার্চুয়ালি সাক্ষর
- আপডেট সময় : ০৯:১৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
- / ১৫৬২ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক ভার্চুয়ালি সাক্ষর করেছেন দুদেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মাসুদ পেজেশকিয়ান। এটি স্থায়ী শান্তি চুক্তির প্রথম ধাপ। এ তথ্য নিশ্চিত করেছে হোয়াইট হাউজ ও তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার রাতে ফ্রান্সের ভার্সাই প্রাসাদে জি-৭ সম্মেলন পরবর্তী নৈশভোজে অংশগ্রহণ করেন ট্রাম্প। একই রাতে ইরানের সঙ্গে সমঝোতা-সংক্রান্ত নথিতে স্বাক্ষর করেন বলে নিজেই জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। প্রধান মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও ইসলামাবাদ চুক্তি দ্রুতই বাস্তবায়নের নিশ্চিয়তা দিয়েছেন। শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় পৌঁছাবে দুদেশের আলোচক দল।
১৪টি পয়েন্ট সম্বলিত ইসলামাবাদ এমওইউ খুব সংক্ষিপ্ত একটি সমঝোতা চুক্তি; কিন্তু এর তাৎপর্য ব্যাপক। কারণ মাত্র ৮০০ শব্দের এই চুক্তিটিই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার কয়েক দশকব্যাপী উত্তেজনা প্রশমণের প্রাথমিক বার্তা এবং একটি স্থায়ী শান্তি চুক্তির দিকে এগোনোর পথ। আগামীকাল শুক্রবার সুইজারল্যান্ডে এই চুক্তিতে আনুষ্ঠানিক স্বাক্ষর হতে পারে। চুক্তির মধ্যে ইরান পুনর্ব্যক্ত করেছে যে তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। এই সমঝোতা স্মারক স্বাক্ষরের সঙ্গে সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র নৌ অবরোধ তুলে নেবে এবং ইরান ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে কোনো হস্তক্ষেপ বা বাধা সৃষ্টি করা থেকে বিরত থাকবে, এবং সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে নৌ চলাচল তার পূর্ণ সক্ষমতায় ফিরিয়ে আনবে।

























