সরকারকে গ্রিন ফিসকাল পলিসির দিকে অগ্রসর হওয়ার আহ্বান সিপিডির
- আপডেট সময় : ০৮:৪৬:০৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
জ্বালানি রূপান্তর বাস্তবায়নে সরকারকে এখনই গ্রিন ফিসকাল পলিসির দিকে অগ্রসর হওয়ার আহ্বান জানিয়েছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি। রাজধানীর ধানমন্ডিতে প্রস্তাবিত বাজেটে ‘বিদ্যুৎ ও জ্বালানি খাত কী পেলো’ শীর্ষক সংবাদ সম্মেলনে সংস্থাটি এ আহ্বান জানায়। একই সঙ্গে সবুজ ভর্তুকি ও অনুদান চালু, সৌরভিত্তিক সেচে লক্ষ্যভিত্তিক প্রণোদনা এবং এলএনজি আমদানির ওপর সম্পূর্ণ ভ্যাট অব্যাহতি প্রত্যাহারের সুপারিশ করেছে সিপিডি।
দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত এখনও অনেকাংশে নির্ভর করছে আমদানি করা জীবাশ্ম জ্বালানির ওপর। অথচ বৈশ্বিক বাস্তবতায় এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ জ্বালানি রূপান্তর।
রাজধানীর ধানমন্ডিতে সকালে প্রস্তাবিত বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সিপিডি বলছে, নবায়নযোগ্য জ্বালানি, বিদ্যুৎ সংরক্ষণ প্রযুক্তি এবং গ্রিড আধুনিকায়ন সরঞ্জামের ক্ষেত্রে এখনও বৈষম্যমূলক আর্থিক নীতি বহাল রয়েছে।
সংশোধিত এডিপিতে আরও বেশি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প অন্তর্ভুক্ত করার কথা জানায় সিপিডি। পাশাপাশি কৃষি খাতে বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা পূরণে সৌরভিত্তিক বিদ্যুতায়নের বিকল্প নেই বলে মনে করে অর্থনীতিবিদরা।
সৌরবিদ্যুৎ খাতের উদ্যোক্তাদের মতে, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে হলে প্রয়োজন বিনিয়োগবান্ধব বাজেট এবং দীর্ঘমেয়াদি নীতিগত নিশ্চয়তা।
এদিকে, জ্বালানি খাতে রাজস্ব ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে এলএনজি আমদানির ওপর সম্পূর্ণ ভ্যাট অব্যাহতি প্রত্যাহারেরও সুপারিশ করেছে সিপিডি।






















