মেহেরপুর টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট ৩ বছরেও চালু হয়নি
- আপডেট সময় : ০২:১১:১৫ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
কারিগরি শিক্ষার মান উন্নয়ন ও দক্ষ জনবল তৈরির লক্ষ্যে নির্মিত মেহেরপুর টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, ৩ বছরেও চালু হয়নি। ২০২৩ সালে নির্মাণকাজ শেষ হওয়ার পর স্থাপন করা হয়েছে কোটি টাকার আসবাব ও যন্ত্রপাতি। তবে জনবল নিয়োগ আর শিক্ষা কার্যক্রমের অনুমতি না পাওয়ায়, তালাবদ্ধই পড়ে আছে পুরো প্রতিষ্ঠান। ঝরে পড়ছে এই অঞ্চলের টেক্সটাইল শিক্ষায় আগ্রহী শিক্ষার্থীরা।
নির্মাণের ৩ বছর পেরিয়ে গেলেও আলোর মুখ দেখেনি মেহেরপুর টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট। চার কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভবনটি এখন শুধুই এক কংক্রিটের কাঠামো। পাঠদানের অনুমতি আর জনবল নিয়োগের গ্যাঁড়াকলে আটকে আছে এই অঞ্চলের কর্মমুখী শিক্ষার দুয়ার।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে নির্মিত এই ইনস্টিটিউটে এরই মধ্যে কোটি টাকার আসবাবপত্র ও আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। তবে দীর্ঘদিন অব্যবহৃত থাকায় নষ্ট হতে বসেছে মূল্যবান সব সরঞ্জাম। কথা ছিল— অ্যাপারেল, ডাইং, নিটিং ও উইভিং—এই ৪টি বিষয়ে প্রতি বছর ১৬০ জন শিক্ষার্থী এখানে বিনা বেতনে পড়ার সুযোগ পাবে। কিন্তু প্রতিষ্ঠানটি চালু না হওয়ায়, ঝরে পড়ছে জেলার অনেক দরিদ্র শিক্ষার্থী।
প্রতিষ্ঠানটি চালু না হওয়ায় শুধু শিক্ষার্থীরাই বঞ্চিত হচ্ছে না, তৈরি হয়েছে নানা সংকট। বরাদ্দ না থাকায় বকেয়া পড়েছে বিদ্যুৎ বিল। জনবলহীন এই বিশাল ভবনে রাত নামলেই বসে মাদকসেবীদের আড্ডা; ফলে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন দায়িত্বে থাকা হাতেগোনা কয়েকজন কর্মচারী।
ভক্সপপ: কর্মচারি
বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে, দ্রুত শিক্ষা কার্যক্রম চালুর লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগের আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য।
সব আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে দ্রুতই সচল হবে এই বিদ্যাপীঠ, দক্ষ জনশক্তিতে রূপান্তর হবে মেহেরপুরের তরুণ সমাজ—এমনটাই প্রত্যাশা জেলাবাসীর।

























