মাত্র ৫ কার্যদিবসে বিরল বিচারিক দৃষ্টান্তের অপেক্ষায় দেশ
- আপডেট সময় : ০৭:৩২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
মাত্র ৫ কার্যদিবসে বিচারকাজ শেষ করে দেশে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে আলোচিত শিশু রামিসা হত্যা মামলা। আজ বৃহস্পতিবার আদালতে রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আগামী রোববার রায় ঘোষণার দিন ধার্য করেছেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। আদালতে দুই আসামির সর্বোচ্চ সাজা দাবি করেছে রাষ্ট্রপক্ষ।
শিশু রামিসা হত্যা মামলায় টানা চতুর্থ দিনের মতো বেলা পৌনে ১২টায় আদালতে তোলা হয় প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে। এদিন আদালতের শুরুতেই শুনানিতে শিশুটিকে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার মতো গুরুতর অপরাধের পক্ষে অকাট্য সব সাক্ষ্য ও প্রমাণাদি উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি।
আদালতে রাষ্ট্রপক্ষ দাবি করে, প্রধান আসামি সোহেল রানার দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও ১৬ জন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে আনা সব অভিযোগ শতভাগ প্রমাণিত হয়েছে। তাই দুই আসামিরই সর্বোচ্চ সাজা হওয়া উচিত।
অন্যদিকে, রাষ্ট্র নিযুক্ত আসামিপক্ষের আইনজীবী আদালতে তাঁর যুক্তি উপস্থাপন করে আইনি ন্যায়বিচারের আবেদন জানান।
উভয়পক্ষের দীর্ঘ যুক্তিতর্ক শুনানি শেষে ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন আগামী রোববার রায় ঘোষণার দিন ধার্য করেন। মাত্র ৫ কার্যদিবসের মধ্যে এই চাঞ্চল্যকর মামলার বিচার শেষ হতে চলায় বিচার বিভাগে এক অনন্য নজির তৈরি হতে যাচ্ছে।





















