রামিসা হত্যা মামলায় আসামীদের উপস্থিতিতে চলছে যুক্তিতর্ক উপস্থাপন
- আপডেট সময় : ০৩:১৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আদালতে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে এ শুনানী শুরু হয়। যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখতে পারেন বিচারক।
এর আগে সকাল ৯টার দিকে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগার থেকে আদালতে এনে হাজতখানায় রাখা হয়। বেলা ১১টা ২০ মিনিটে সোহেল রানাকে এবং ১১টা ৩৮ মিনিটে স্বপ্না আক্তারকে ট্রাইব্যুনালের এজলাসে হাজির করা হয়। বুধবার আত্মপক্ষ সমর্থন ও সাফাই সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজকের দিনটি যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ধার্য করেছিলেন। আত্মপক্ষ সমর্থনের শুনানির শুরুতে বিচারক মামলার ১৬ সাক্ষীর গুরুত্বপূর্ণ বক্তব্য, ভিডিও প্রমাণ ও বিভিন্ন আলামত আসামিদের সামনে তুলে ধরেন। এতে রামিসাকে খোঁজার ঘটনা, সন্দেহভাজন ফ্ল্যাট শনাক্তকরণ, রক্তের আলামত উদ্ধার ও শিশুটির মরদেহ উদ্ধারের বিষয় উঠে আসে। একই সঙ্গে অভিযোগ অনুযায়ী স্বপ্না আক্তার কীভাবে সোহেল রানাকে পালাতে সহায়তা করেছিলেন, সে বিষয়ও আদালতে উল্লেখ করা হয়। এসময় আত্মপক্ষ সমর্থনের বক্তব্যে প্রধান আসামী সোহেল রানা নিজেকে নির্দোষ দাবি করেন।























