ভোক্তা ও পাইকারি পর্যায়ে বাড়লো বিদ্যুতের দাম
- আপডেট সময় : ০৫:০৫:২২ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
ভোক্তা ও পাইকারি—উভয় পর্যায়েই বাড়ানো হলো বিদ্যুতের দাম। আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি জানিয়েছে, ভোক্তা পর্যায়ে গড়ে ১৬ দশমিক ৬৮ এবং পাইকারিতে ১৯ দশমিক ৮৫ শতাংশ দাম বাড়ানো হয়েছে। নতুন এই দাম চলতি জুন মাস থেকেই কার্যকর হচ্ছে।
বিইআরসির নতুন আদেশ অনুযায়ী, খুচরা পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের গড় দাম ৯ টাকা ১১ পয়সা থেকে বেড়ে হচ্ছে ১০ টাকা ৬৩ পয়সা। আর পাইকারিতে ৭ টাকা থেকে বাড়িয়ে গড় দাম করা হয়েছে ৮ টাকা ৩৯ পয়সা। এছাড়া বিদ্যুতের সঞ্চালন খরচও বাড়ানো হয়েছে প্রায় ২৪ শতাংশ।
সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, কোনো চাপ নয়, আগামী বাজেট মাথায় রেখেই দ্রুততম সময়ে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর ফলে সাধারণ মানুষের ব্যয় বাড়লেও, জাতীয় অর্থনীতির স্বার্থেই এই সমন্বয় করা হয়েছে বলে দাবি করেছে কমিশন। এর আগে, সবশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছিল।




















