রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু
- আপডেট সময় : ০৭:৫১:২২ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
- / ১৫৩২ বার পড়া হয়েছে
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে আগামীকাল থেকেই শুরু হচ্ছে এই আলোচিত মামলার সাক্ষ্যগ্রহণ।
কড়া পুলিশি পাহারায় এজলাসে তোলা হয় রাজধানীর পল্লবীর চাঞ্চল্যকর রামিসা হত্যাকাণ্ডের মূল আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুনকে। সোমবার সকালে ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে তাদের হাজির করা হলে আদালত জুড়ে তৈরি হয় টানটান উত্তেজনা।
শুনানির শুরুতেই রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর শিশু রামিসার ওপর বর্বর নির্যাতনের বিবরণ তুলে ধরে আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। অন্যদিকে, রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী তাদের নির্দোষ দাবি করে খালাস চান। উভয় পক্ষের শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন বিচারক।
রাষ্ট্রপক্ষ বলছে, বিচার প্রক্রিয়াকে ভিন্নখাতে নিতে এবং নিজেকে বাঁচাতে প্রধান আসামি সোহেল রানা শুরু থেকেই নানা বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছিল। তবে সব নাটকীয়তা পেরিয়ে এবার দ্রুতই মিলবে ন্যায়বিচার—এমনটাই প্রত্যাশা আইনজীবীদের।
আলোচিত এই মামলায় রামিসার বাবা-মা, প্রতিবেশী এবং পুলিশ সদস্যসহ মোট ১৮ জনকে সাক্ষী করা হয়েছে। আইন অনুযায়ী, আগামী ২৯ কার্যদিবসের মধ্যেই শেষ করতে হবে এই মামলার সব বিচারিক প্রক্রিয়া।


















