বিষখালী নদীর ভয়াবহ ভাঙনে আতঙ্কে রাজাপুরবাসী
- আপডেট সময় : ০১:৪০:০৪ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
ঝালকাঠির রাজাপুরে বিষখালী নদীর ভয়াবহ ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে ঘরবাড়ি, লঞ্চঘাট, শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান। শত বছরের এই ভাঙন রোধে কার্যকর কোনো উদ্যোগ না থাকায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীতীরবর্তী মানুষ। ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় সংসদ সদস্য ও পানি উন্নয়ন বোর্ড।
ভয়াল রূপে জনপদ গ্রাস করছে বিষখালী নদী। ঝালকাঠির রাজাপুরে গত একশ বছর ধরে চলা এই ভাঙনে ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে বিস্তীর্ণ এলাকা। একের পর এক বসতভিটা, ব্যবসা প্রতিষ্ঠান ও পারিবারিক কবরস্থান হারিয়ে বহু পরিবার এখন নিঃস্ব। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্থায়ী বেড়িবাঁধের দাবি জানানো হলেও মিলছে না কোনো সুরাহা।
বর্তমানে উপজেলার বাদুরতলা এলাকায় নদীতীরে দেখা দিয়েছে বড় ধরনের ফাটল। ফলে স্থানীয় বাজার, একটি মাধ্যমিক বিদ্যালয়সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা এখন চরম ঝুঁকিতে। এর আগেও বিষখালীর অব্যাহত ভাঙনে অন্তত শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ও একটি লঞ্চঘাট নদীগর্ভে তলিয়ে গেছে। শুধু বাদুরতলা নয়, গত এক বছরে বড়ইয়া ইউনিয়নেরও বেশ কিছু ঘরবাড়িসহ প্রায় পাঁচ একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে।
সম্প্রতি বিষখালীর এই ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে যান স্থানীয় সংসদ সদস্য। এ সময় ভুক্তভোগী মানুষের দুঃখ-দুর্দশা শুনে খুব দ্রুত নদী ভাঙন রোধে বড় বরাদ্দের আশ্বাস দেন তিনি।
এদিকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আপদকালীন ব্যবস্থা হিসেবে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার কাজ শুরু হচ্ছে। স্থায়ী সমাধানের জন্য ব্লক দিয়ে টেকসই বাঁধ নির্মাণের একটি মেগা প্রকল্পও প্রস্তুত করা হয়েছে।























