বগুড়ায় মসলা কিনতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ
- আপডেট সময় : ০৭:২০:৩১ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
কোরবানির ঈদ সামনে। রান্নাঘরের সবচেয়ে জরুরি উপকরণ মসলা কিনতেই এখন হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। এক সপ্তাহের ব্যবধানে বগুড়ায় দ্বিগুণ হয়েছে আদার দাম। সাদা এলাচ বিক্রি হচ্ছে ৫ হাজার টাকা কেজিরও বেশি। আর সীমান্ত পথে চোরাচালান হয়ে আসছে জিরাসহ অন্যান্য মসলা। এর বিরূপ প্রভাব বাজারে। মসলার আমদানিতে সরকারের সব ধরনের কর কমানোর দাবি ব্যবসায়ীদের।
দিন দিন জমে উঠছে মসলার বাজার। গরম মসলা কিনতে এখন বাজারমুখী মানুষ। তবে কেনাকাটায় স্বস্তির বদলে বাড়ছে দুশ্চিন্তা। এক সপ্তাহের ব্যবধানে ১১০ টাকা কেজির আদা বিক্রি হচ্ছে ২৪০ টাকায়। রসুনের দামও বেড়েছে। তবে স্থিতিশীল আছে গরম মসলার দাম। সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে এলাচ।খুচরা বাজারে প্রতি কেজি এলাচের দাম উঠেছে ৫ হাজার টাকা। দুই বছর আগেও যা ছিল প্রায় ২ হাজার টাকা।
ব্যবসায়ীরা বলছেন, ডলারের দাম আর আমদানি খরচ বাড়ার প্রভাবে মসলার দামও বাড়তির দিকে চড়া। অন্যদিকে, ক্রেতাদের অভিযোগ— বাজার তদারকির অভাবেও বাড়ছে ভোগান্তি।
সীমান্তে চোরাচালান বন্ধ আর আমদানিতে শুল্ক-কর কমানোর দাবি ব্যবসায়ী নেতার।
চোরাচালান বন্ধে কঠোর নজরদারি আর আমদানি ব্যয় কমানোর উদ্যোগ নিলেই স্বস্তি ফিরতে পারে মসলার বাজারে, এমন প্রত্যাশা ক্রেতাদের।
























