ভারতের উত্তরপ্রদেশে ঝড় ও বজ্রপাতে ৫৬ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৪:২২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
ভারতের উত্তরপ্রদেশে ভয়াবহ ঝড় ও বজ্রপাতে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের প্রয়াগরাজ, ভাদোহী ও ফতেহপুরসহ বেশ কয়েকটি জেলায় তণ্ডব চালিয়েছে এই অসময়ের বৃষ্টি। পরিস্থিতি বিবেচনায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শোক প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে ২৪ ঘণ্টার মধ্যে ত্রাণ পৌঁছে দেওয়ার জরুরি নির্দেশ দিয়েছেন।
উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায় মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। সবচেয়ে বেশি ১৭ জন প্রাণ হারিয়েছেন প্রয়াগরাজে। এছাড়া ভাদোহীতে ১৬ জন এবং ফতেহপুরে ৯ জন নিহত হয়েছেন। ঝড়ে গাছ ও দেয়াল ধসে পড়ার পাশাপাশি বজ্রপাতেও প্রাণ হারিয়েছেন অনেকে। প্রতাপগড় ও কানপুর দেহাতেও বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বুধবারের এই ঝড়ে ঘরবাড়ির পাশাপাশি গবাদি পশু ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলা প্রশাসনগুলো উদ্ধার অভিযান জোরদার করেছে। আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, দুর্যোগ পরবর্তী সহায়তা যেন কোনোভাবেই বিলম্বিত না হয়।
























