মার্কিন অবরোধ ভেঙে ১৯ লাখ ব্যারেল তেল নিয়ে ইরানের ট্যাংকার এশিয়া–প্যাসিফিক অঞ্চলে
- আপডেট সময় : ০২:৫০:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- / ১৫৯০ বার পড়া হয়েছে
মার্কিন নৌবাহিনীর অবরোধ এড়িয়ে প্রায় ২২ কোটি ডলারের অপরিশোধিত তেল বহনকারী ইরানের একটি সুপার ট্যাংকার এশিয়া–প্যাসিফিক অঞ্চলে পৌঁছেছে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ট্যাংকারট্র্যাকারস ডটকম জানিয়েছে, ইরানের রাষ্ট্রায়ত্ত ন্যাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানির মালিকানাধীন ‘হিউজ’ নামের এই জাহাজটি বর্তমানে ইন্দোনেশিয়ার লম্বক প্রণালি অতিক্রম করে রিয়াউ দ্বীপপুঞ্জের দিকে এগোচ্ছে।
ট্যাংকারটি প্রায় ১৯ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহন করছে। আন্তর্জাতিক বাজারদর অনুযায়ী এর আনুমানিক মূল্য প্রায় ২২ কোটি মার্কিন ডলার। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে জাহাজটির অবস্থান সম্পর্কে স্পষ্ট তথ্য পাওয়া যাচ্ছিল না।
ট্যাংকারট্র্যাকারস জানিয়েছে, গত ২০ মার্চ মালাক্কা প্রণালি অতিক্রম করে ইরানের দিকে যাত্রা শুরু করার পর থেকেই জাহাজটির অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম বা এআইএস বন্ধ রাখা হয়েছিল।
গত ১৩ এপ্রিল যুক্তরাষ্ট্র ইরানের বন্দর ও তেল রপ্তানি কার্যক্রমের ওপর কঠোর নজরদারি ও নৌ অবরোধের ঘোষণা দেয়। তবে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দাবি করেছে, অন্তত ৫২টি ইরানি জাহাজ সফলভাবে মার্কিন অবরোধ ভেঙে আন্তর্জাতিক গন্তব্যে পৌঁছেছে। অন্যদিকে মার্কিন সামরিক বাহিনীর হিসাব বলছে, অবরোধ শুরুর পর থেকে তারা ইরান-সংশ্লিষ্ট অন্তত ৪১টি জাহাজের গতিপথ পরিবর্তন করতে সক্ষম হয়েছে।























