বছর শেষেই দেশে ফেরার আশা সাকিব আল হাসানের
- আপডেট সময় : ০৪:৫৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
- / ১৫৬০ বার পড়া হয়েছে
সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে গুঞ্জন চলছে। তবে কোনোটাই শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। এবারও দেখবে কিনা, সময়ই বলবে। তবে বাংলাদেশি অলরাউন্ডারের বিশ্বাস, বছরের শেষ দিকে দেশে ফিরতে পারবেন তিনি।
সম্প্রতি ভারতের একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় এমনটি জানিয়েছেন সাকিব। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার বলেছেন, ‘আমি আশাবাদী যে বছরের শেষ দিকে সব কিছুর সমাধান হয়ে যাবে। আপাতত ভালো কিছুর প্রত্যাশা করছি। তবে একটা বিষয় নিশ্চিত—আমাকে বাংলাদেশে ফিরতেই হবে।
প্রশ্ন শুধু এটাই যে, কত দ্রুত ঘটতে পারে। তবে আমি আশাবাদী যে বছরের শেষ দিকে ফিরতে পারব। কীভাবে ঘটবে জানি না। তবে আমি সত্যিই আশাবাদী।
বিসিবির আগের বোর্ডের সঙ্গে ফেরার বিষয়ে কথা হলেও সত্যিকার অর্থে কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলেও জানিয়েছেন সাকিব। দুঃখ প্রকাশ করে বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেছেন, ‘আগের বোর্ড সত্যিই আমাকে ফেরানোর ইচ্ছে প্রকাশ করেছিল। কিন্তু মুখে বলা আর সেটাকে বাস্তবায়িত করা—দুটির মধ্যে অনেক পার্থক্য থাকে। এখনো আমি শুনি যে সবাই আমাকে ফেরাতে চায়। কিন্তু দুঃখের বিষয় হলো—সত্যিকার অর্থে কেউ তেমন কোনো উদ্যোগ নেয়নি।
বাংলাদেশের হয়ে সর্বশেষ ম্যাচ ২০২৪ সালের অক্টোবরে খেলেছেন সাকিব। ভারতের বিপক্ষে কানপুর টেস্টের পর আর কখনো খেলা হয়নি ৩৯ বছর বয়সি বাঁহাতি অলরাউন্ডারের।


























