বাংলাদেশ এখন বিশ্বের ৩৩ তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দেশ
- আপডেট সময় : ০৩:৪৬:১১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
- / ১৫৭১ বার পড়া হয়েছে
বাংলাদেশ এখন বিশ্বের ৩৩ তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দেশ। গতকাল পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ফুয়েল বা জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হয়েছে। এর মাধ্যমে পারমানবিক যুগে প্রবেশ করলো বাংলাদেশ।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, জ্বালানি লোডিং করতে সময় লাগবে ৪০ থেকে ৪৫ দিন। এরপর ধাপে ধাপে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে আগস্টের প্রথম সপ্তাহে এ প্রকল্প থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। শুরুর দিকে প্রথম ইউনিট থেকে প্রথম অবস্থায় অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। সব কিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বর কিংবা আগামী বছরের জানুয়ারিতে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার প্রথম ইউনিট পূর্ণভাবে উৎপাদনে যেতে পারে।
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর তীরে ১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এই প্রকল্পে রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তা নেওয়া হয়েছে। এখানে দুটি ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর ব্যবহার করা হয়েছে। দুটি ইউনিট পূর্ণ উৎপাদনে গেলে এখান থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে, যা দেশের মোট চাহিদার প্রায় ১০ শতাংশেরও বেশি পূরণ করবে।
























